দ্রুত সময়ের মধ্যে ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করলেও এখনো পিছিয়ে থ্রেডস। প্লাটফর্মটিতে ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে মেটা। এর অংশ হিসেবে ক্রস প্লাটফর্ম পোস্টিং নিয়ে কাজও শুরু করেছে প্রযুক্তি কোম্পানিটি। খবর এনগ্যাজেট।

টেক্সটভিত্তিক এ প্লাটফর্মটি ব্যবহারকারীদের আকৃষ্ট করতে থ্রেডসের বিভিন্ন জনপ্রিয় পোস্ট ফেসবুক ও ইনস্টাগ্রামে দেখানোর সুবিধা পরীক্ষা করছে মেটা। আগেও এমন পরীক্ষা চালিয়েছে কোম্পানিটি। 

তবে এবার ফেসবুক থেকে থ্রেডসে সহজেই পোস্ট করার সুবিধা নিয়ে কাজ চলছে। এর ফলে নিয়মিত ফেসবুক ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতারা ঝামেলা ছাড়াই থ্রেডসে বিভিন্ন ভিডিও ও ছবি শেয়ার করতে পারবেন। 

ব্যবহারকারীদের একটি অংশ ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছে বলে জানা গেছে। তবে ফিচারটি দীর্ঘমেয়াদে থাকবে কিনা, তার নিশ্চয়তা মেলেনি।