ইন্টেল, এএমডি ও এনভিডিয়া, সেমিকন্ডাক্টর বা চিপ তৈরিতে এ তিনটি কোম্পানি বিশ্বে পরিচিত। গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) তৈরির পাশাপাশি এনভিডিয়া বর্তমানে সাধারণ সেমিকন্ডাক্টরও তৈরি করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে গত বছর কোম্পানিটি ভালো অবস্থানেও ছিল।

দি ইকোনমিস্টে প্রকাশিত খবরে বলা হয়, প্রতিযোগিতায় টিকে থাকতে ডিসেম্বরে এমআই৩০০ নামের নতুন চিপ উন্মোচন করেছে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। কোম্পানির দাবি, চিপটি এআইয়ের বিকাশে খুবই সহায়ক হবে। তবে এটি শুধু দাবিতেই সীমাবদ্ধ থাকবে নাকি এনভিডিয়ার আধিপত্য রোধে সক্ষম হবে সেটি এখন প্রধান আলোচ্য বিষয়।

এএমডির প্রধান লিসা সু নতুন চিপ প্রকাশের ঘোষণা দেন। তার তথ্যানুযায়ী এতে ১৫ হাজার ৩০০ কোটি ট্রানজিস্টর, ১৯২ গিগাবাইট মেমোরি ও প্রতি সেকেন্ডে ৫ দশমিক ৩ টেরাবাইট/সেকেন্ড মেমোরি ব্যান্ডউইডথ রয়েছে। প্রযুক্তিবিশারদদের মতে, এটি এনভিডিয়ার এইচ১০০ চিপের তুলনায় সব দিক থেকে দ্বিগুণ শক্তিশালী। এআইয়ের সহায়তায় গত বছর এনভিডিয়া ট্রিলিয়ন ডলারের কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়। ক্যালিফোর্নিয়াভিত্তিক মার্কিন এআই ও চিপ নির্মাতা কোম্পানিটি সম্প্রতি মার্কেট ক্যাপিটালাইজেশন বা শেয়ার বিক্রির মাধ্যমে এ কীর্তি গড়ে। এআই খাতের সফলতা এনভিডিয়াকে অভাবনীয় মূলধন অর্জনে সহায়তা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে লিসা সু এএমডির চিপ নিয়ে যে তথ্য দিয়েছেন তা এরই মধ্যে কোম্পানির শেয়ারদর বাড়িয়ে দিয়েছে এবং প্রযুক্তি খাতে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

গত ৩০ জানুয়ারি আয় প্রতিবেদন প্রকাশের সময় এক ঘোষণায় এএমডি চলতি বছর ৩৫০ কোটি ডলার মূল্যের এমআই৩০০ চিপ বিক্রির প্রত্যাশা ব্যক্ত করেছে। জেফরিজের বিশ্লেষকদের মতে, প্রতিযোগী হিসেবে এনভিডিয়ার অবস্থান খুবই শক্ত। কোম্পানির আয় ও পরিচালন মুনাফা এএমডির তুলনায় তিন গুণ বেশি। এআই এক্সিলারেটর চিপ বাজার এনভিডিয়ার নিয়ন্ত্রণে এবং বিশ্বে মোট বিক্রির ৮৬ শতাংশই কোম্পানির। এনভিডিয়ার চিপ, নেটওয়ার্কিং কিট ও সফটওয়্যার বরাবরই উন্নত বলে জানিয়েছেন গবেষণা সংস্থা ফ্যাব্রিকেটেড নলেজের ডগ ও’লফলিন।

সেমিকন্ডাক্টর হার্ডওয়্যার খাতে এএমডির নতুন প্রসেসর এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, ১০ বছরেরও বেশি সময় ধরে কোম্পানিটি চিপের উন্নয়নে বিনিয়োগ করে যাচ্ছে এবং এ উদ্ভাবন সেটিরই ফল। নেটওয়ার্কিং ও সফটওয়্যার খাতে এনভিডিয়াকে ছাড়িয়ে যাওয়ার জন্য এএমডি অন্যান্য কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছে। এছাড়া এনভিডিয়ার ইনফিনিব্যান্ড প্রযুক্তির বিপরীতে আল্ট্রা ইথারনেট কনসোর্টিয়াম প্রযুক্তির উন্নয়নেও কাজ করছে কোম্পানিটি। চিপ থেকে চিপে যোগাযোগের জন্য এ প্রযুক্তি ব্যবহৃত হয়।