বহুল প্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) সিক্স প্রত্যাশিত সময়ে আসছে না বলে জানিয়েছে প্রকাশক রকস্টার গেমস। চলতি বছর মুক্তির কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী গেমটি ২০২৬ সালের মে মাসে প্রকাশ করা হবে। খবর বিবিসি।
জিটিএ সিক্সের জন্য ভক্তরা ১০ বছরের বেশি সময় ধরে অপেক্ষা করছেন। বিশ্লেষকদের ধারণা, প্রকাশের পর পরই এটি বড় সাফল্য অর্জন করবে। আগের সংস্করণ গ্র্যান্ড থেফট অটো ফাইভ ২০১৩ সালে প্রকাশ হয়। এরই মধ্যে ২০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে গেমটির, যা একে ইতিহাসের অন্যতম সফল ভিডিও গেমে পরিণত করেছে। জিটিএ ফাইভ এখন পর্যন্ত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বিক্রীত ভিডিও গেম।
রকস্টার এক বিবৃতিতে জানিয়েছে, জিটিএ সিক্সকে ঘিরে ভক্তদের আগ্রহ ও উচ্ছ্বাস তাদের পুরো দলকে অভিভূত করেছে। ভক্তদের প্রত্যাশা ও প্রাপ্যতার মান অনুযায়ী সেরা গুণমান নিশ্চিত করতে জিটিএর পরবর্তী সংস্করণটি উন্মুক্ত করতে আরো সময় প্রয়োজন।
জিটিএ সিক্সের প্রথম ট্রেলার প্রকাশ পায় ২০২৩ সালের ডিসেম্বরে। এর পর থেকে এখন পর্যন্ত খুব বেশি আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি। তবে প্রকাশের পর পরই ১০ কোটির বেশি ভিউ পায় ট্রেলারটি। এর পরই গেমটির জনপ্রিয়তা নিয়ে আবারো আলোচনা শুরু হয়, যা এখনো চলমান। ৯০ সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় দুটি প্রধান চরিত্র ও গেমটির পরিবেশের ঝলক। এখানে লিওনিডা নামে ফ্লোরিডা-অনুপ্রাণিত একটি কল্পিত শহর দেখানো হয়।
এদিকে চলতি বছর জিটিএ সিক্সের মুক্তি নিয়ে বিশ্বব্যাপী ভিডিও গেমের বাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের পূর্বাভাস দেন বাজার বিশেষজ্ঞরা। অধিকাংশ ডেভেলপাররা জানান, ২০২৫ সালে নতুন অনেক গেম প্রকাশের পরিকল্পনা রয়েছে, এর মধ্যে রয়েছে বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড থেফট অটো সিরিজের পরবর্তী সংস্করণ জিটিএ সিক্স। গেমটি প্রকাশের সময় পিছিয়ে যাওয়ায় গেমিং খাতে কতটুকু প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে।










