ভারতে বিনিয়োগের পাশাপাশি পণ্যের পরিমাণও বাড়াচ্ছে আসুস। সম্প্রতি দেশটিতে নতুন তিনটি মডেলের ডেস্কটপ কম্পিউটার উন্মোচন করেছে কোম্পানিটি। পাশাপাশি প্রথম হাইব্রিড রিটেইল স্টোরও চালু করেছে তাইওয়ানের প্রযুক্তি কোম্পানিটি। খবর গিজমোচায়না।
হাইব্রিড রিটেইল স্টোরে ব্যবহারকারীদের জন্য পেগাসাস ও রিপাবলিক অব গেমারস (আরওজি) পণ্য রেখেছে আসুস। ভারতের নাশিকে নতুন এর হাইব্রিড স্টোর চালু করা হয়েছে। এটি ৫৬৮ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত। স্টোরটিতে আসুসের ল্যাপটপ, ট্যাবলেট থেকে শুরু করে স্মার্টফোন, মনিটরসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য পাওয়া যাবে।
স্টোরে গেমারদের জন্য আলাদা জায়গাও রাখা হয়েছে। এখানে আরওজির নতুন সব পণ্য ব্যবহার করার সুবিধাও রয়েছে। নতুন এ স্টোরের মাধ্যমে খুচরা পর্যায়ে নিজেদের পণ্য বিক্রি বাড়াতে চায় তাইওয়ানের প্রযুক্তি কোম্পানিটি। সামনের বছরগুলোয় আরো স্টোর চালুর বিষয়েও আগ্রহী আসুস। সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভারতের কম্পিউটার বাজারে ২৪ দশমিক ৮ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে আসুস। এ কারণে প্রযুক্তিবিদরা মনে করছেন হাইব্রিড স্টোর চালু করা খুব খারাপ কোনো সিদ্ধান্ত নয়। কম্পিউটারের পাশাপাশি মনিটর ও স্মার্টফোনের বাজারেও কোম্পানিটির ভালো অবস্থান রয়েছে।










