নতুন প্রজন্মের আইপ্যাড মিনি উন্মোচন করেছে টেক জায়ান্ট অ্যাপল। ডিভাইসটিতে নতুন রাইটিং টুল ও উন্নত সিরি অ্যাসিস্ট্যান্টের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার রয়েছে। এটি আইপ্যাড মিনির সপ্তম প্রজন্ম, যা পূর্ববর্তী সংস্করণের তিন বছর পর এল। খবর রয়টার্স।

অ্যাপল বলছে, বড় কোনো ডিজাইন পরিবর্তন ছাড়াই আপডেটটি মূলত অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েই করা হয়েছে। নতুন আইপ্যাড মিনি এ১৭ প্রো চিপ দ্বারা চালিত, যা এর আগে আইফোন ১৫ প্রো মডেলগুলোয় ব্যবহার হয়েছে। এ চিপ আগের প্রজন্মের আইপ্যাড মিনির তুলনায় ৩০ শতাংশ দ্রুততা প্রদান করবে। অ্যাপলের নতুন এআই সফটওয়্যার চালানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দ্রুতগতির চিপসহ আরো বেশি স্টোরেজ বিকল্প রয়েছে, পাশাপাশি অ্যাপল পেনসিল প্রো সমর্থন করবে ডিভাইসটি। অ্যাপল চলতি মাসে যুক্তরাষ্ট্রে আইপ্যাড মিনির জন্য প্রথম এআই ফিচার প্রকাশ করার পরিকল্পনা করেছে। এটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে প্রথমে ইংরেজি ভাষায় শুরু হবে।

নতুন ফিচারগুলো এ১৭ প্রো বা এমওয়ান চিপযুক্ত আইপ্যাড মডেলে পাওয়া যাবে। অ্যাপল কয়েক মাসের মধ্যে ইমেজ জেনারেশন টুল ও চ্যাটজিপিটি সক্ষমতাসহ আরো কিছু উন্নত ফিচার চালু করবে বলে জানিয়েছে কোম্পানিটি।

সেপ্টেম্বরে অ্যাপল তার এআই সমৃদ্ধ আইফোন ১৬ লাইনআপ প্রকাশ করেছে, যা ২০ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু কোম্পানিটির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ফিচারগুলো তখনো পরীক্ষাধীন ছিল। ২৮ অক্টোবর আইওএস ১৮ দশমিক ১ উন্মুক্ত করা হলে ব্যবহারকারীরা নতুন এআই ফিচারটি ব্যবহার করতে পারবেন। টেক জায়ান্টটির প্রত্যাশা ছিল, এআই ফিচারগুলো ব্যবহারকারীদের আকৃষ্ট করবে, কিন্তু আইফোন১৬-এর প্রাথমিক বিক্রির প্রতিবেদন বলছে, গ্রাহক প্রতিক্রিয়া অ্যাপলের আশা অনুযায়ী তেমন দৃঢ় নয়। উদ্বেগের পরও একটি গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে আইফোন ১৬ চতুর্থ প্রান্তিকে অ্যাপলের বিক্রি বাড়াবে এবং ২০২৫ সালের প্রথম দিকে বিক্রি গতি বজায় রাখবে।

নতুন আইপ্যাড মিনির দাম ৪৯৯ ডলার (প্রায় ৬০ হাজার টাকা) থেকে শুরু। অ্যাপল ডিভাইসটির প্রি-অর্ডার নেয়া শুরু করেছে। এটি আগামী সপ্তাহে ক্রেতাদের কাছে পাঠানো হবে এবং বাজারেও পাওয়া যাবে।