সিঙ্গাপুরে ক্লাউড কম্পিউটিং অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে অ্যামাজন। এর অংশ হিসেবে চার বছরে ১ হাজার ২০০ কোটি সিঙ্গাপুর ডলার (৮৮৮ কোটি ডলার) ব্যয় করবে অ্যামাজন। সম্প্রতি এক বিবৃতিতে এমন পরিকল্পনার ঘোষণা দিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। খবর রয়টার্স।

গ্রাহকের চাহিদাকে সমর্থন ও আকর্ষণীয় আঞ্চলিক উদ্ভাবন অঞ্চল হিসেবে সিঙ্গাপুরকে শক্তিশালী করতে দেশটিতে নতুন এ বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন এ প্রযুক্তি কোম্পানিটি। এ বিষয়ে এডব্লিউএসের কান্ট্রি ম্যানেজার প্রিসিলা চং বলেন, ‘২০২৪-২৮ সাল পর্যন্ত সিঙ্গাপুরে ক্লাউড কম্পিউটিং অবকাঠামো খাতে অ্যামাজন তার বিনিয়োগ দ্বিগুণ করবে।’

বিবৃতিতে এডব্লিউএস আরো জানায়, ২০২৩ সাল পর্যন্ত অ্যামাজন এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১ হাজার ১৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে। আর সিঙ্গাপুরে এবারের বিনিয়োগের মাধ্যমে এ অঞ্চলে ২০২৮ সালের মধ্যে অ্যামাজনের মোট পরিকল্পিত বিনিয়োগ ব্যয় ২ হাজার ৩০০ কোটি ডলারের বেশি হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে সিঙ্গাপুরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও জেনারেটিভ এআই গ্রহণকে ত্বরান্বিত করতে এডব্লিউএস সিঙ্গাপুর সরকার, সরকারি খাতের সংস্থা এবং বিভিন্ন উদ্যোগের সঙ্গে একটি সহযোগিতার ঘোষণা দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর আগে থাইল্যান্ডে ৫০০ কোটি ও মালয়েশিয়ায় ৬০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। বিশ্বের প্রযুক্তি জায়ান্টগুলো বর্তমানে এশিয়া প্যাসিফিক অঞ্চলগুলোয় কার্যক্রম বাড়াতে মনোযোগ দিচ্ছে।

গত ডিসেম্বরে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং মালয়েশিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফর করেছেন। এছাড়া গত মাসে সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া সফর করেন অ্যাপলের সিইও টিম কুক। এমনকি সিঙ্গাপুরে সম্প্রতি ২৫ কোটি ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনাও করছে অ্যাপল। এর আগে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এশিয়া প্যাসিফিক অঞ্চল সফরের সময় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ২২০ কোটি ও ১৭০ কোটি ডলার ক্লাউড পরিষেবা বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভবিষ্যতে গুগলও মালয়েশিয়ায় বিনিয়োগের পরিকল্পনা করছে বলে দেশটির বাণিজ্যমন্ত্রী টেংকু জাফরুল আজিজের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় এক সংবাদ সংস্থা।