চলতি বছরের লেনোভো ইনোভেশন টেকনোলজি কনফারেন্সে লেনোভো নতুন স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট এআই বাডি উন্মোচন করেছে। অ্যামাজনের ইকোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ডিভাইসটির এমন ডিজাইন করা হয়েছে। এর অভিনব বৈশিষ্ট্য ব্যবহারকারীর সঙ্গে আরো বন্ধুত্বপূর্ণ ইন্টারঅ্যাকশনের অভিজ্ঞতা দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। খবর গিজমোচায়না।
এআই বাডির ডিজাইন ম্যাগসেফ চার্জিং বেজের মতো। তবে এতে একটি গোলাকার ডিসপ্লে যুক্ত করা হয়েছে। এ ডিসপ্লেতে অ্যানিমেটেড ইমোজি আকারে চোখ ব্যবহার করা হয়েছে। এটি ব্যবহারকারীর সঙ্গে আরো বন্ধুত্বপূর্ণ এবং ইমোশনাল ইন্টারঅ্যাকশন তৈরি করে। এর ডিসপ্লেতে সময়, আবহাওয়ার তথ্য, গানের অপশন এবং ব্যক্তিগত ছবিও দেখা যাবে।
কোম্পানিটি বলছে, এতে ইউএসবি-এ এবং ইউএসবি-সি পোর্টের পাশাপাশি একটি হেডফোন জ্যাক করা হয়েছে। এছাড়া লেনোভোর অন্যান্য ডিজাইনের মতো এআই বাডিও সহজ ও মসৃণ ডিজাইনে তৈরি করা হয়েছে। এতে অত্যাধুনিক প্রযুক্তি এবং ব্যবহারকারীর প্রয়োজনীয় ফিচারগুলোর সংমিশ্রণ ঘটানো হয়েছে।
এআই বাডিতে এআই নাউ নামের একটি ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্ট যুক্ত করা হয়েছে, যা মেটার এলএলএমএর (Llama Large Model) ওপর ভিত্তি করে কাজ করবে। এর সাহায্যে ব্যবহারকারীরা প্রতিদিনের কাজের পরিকল্পনা, রিমাইন্ডার এবং অন্যান্য কাজের জন্যও সাহায্য নিতে পারবেন। এটি ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কাজ শিখতে এবং কাজগুলোর মধ্যে সামঞ্জস্য করতে সক্ষম। এর ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরো সহজ, সাবলীল ও ব্যক্তিগত হয়ে ওঠে।
এআই বাডির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ঘূর্ণায়মান ডিসপ্লে, যা ব্যবহারকারীর নড়াচড়া অনুসরণ করে দৃষ্টি যোগাযোগ বজায় রাখতে সক্ষম। এছাড়া লেনোভো ডিভাইসটির ডাটা নিরাপত্তা নিশ্চিত করেছে। এতে ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষিত থাকে। এ কনফারেন্সে আরো কিছু প্রোটোটাইপও উন্মোচন করেছে লেনোভো। এর মধ্যে রয়েছে এআই মাউস ও লেনোভো হোম এআই ব্রেইন।










