যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ পরিষেবা কোম্পানি ফ্রন্টিয়ার কমিউনিকেশনে সাইবার হামলা হয়েছে। কোম্পানির শঙ্কা, হামলার মাধ্যমে অপরাধীরা সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে। খবর টেকটাইমস।

সাইবার হামলার বিষয়ে অভিযোগ করার পাশাপাশি যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফাইবার ইন্টারনেট সংযোগ সরবরাহকারী কোম্পানিটি। আবেদনের তথ্যানুযায়ী, চলতি সপ্তাহে ফ্রন্টিয়ার কমিউনিকেশন হামলার বিষয়ে জানতে পেরেছে এবং কোম্পানির ধারণা, একটি অপরাধী চক্র এর সঙ্গে যুক্ত।

ফ্রন্টিয়ার জানায়, আক্রমণকারীরা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ তথ্য হাতিয়ে নিয়েছে। সাইবার হামলার বিষয়ে জানার পর বেশকিছু জায়গায় পরিষেবা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়। আক্রমণকারীরা যেন নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে আর কোনো ক্ষতি করতে না পারে সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

হাতিয়ে নেয়া ব্যক্তিগত তথ্য গ্রাহক, কর্মী নাকি সবার, সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ফ্রন্টিয়ারের দাবি কোম্পানিটি হামলার কারণে সৃষ্ট সমস্যার সমাধান করেছে এবং তাদের অবকাঠামো সংস্কার করেছে। বর্তমানে পরিষেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।