চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তাইওয়ানের চিপ নির্মাতা টিএসএমসির নিট মুনাফা বেড়েছে ৬১ শতাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপের চাহিদা বাড়ার কারণেই এ রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে বলেছে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর সিএনবিসি।
টিএসএমসি জানিয়েছে, চলতি প্রান্তিকে কোম্পানির আয় ৩ হাজার ১৮০ কোটি থেকে ৩ হাজার ৩০০ কোটি ডলারের মধ্যে থাকতে পারে। এ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ এবং আগের প্রান্তিকের তুলনায় গড়ে ৮ শতাংশ বেশি হতে পারে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল-জুন পর্যন্ত সময়ে টিএসএমসির আয় বাজারের প্রত্যাশার চেয়ে বেশি ছিল। এ সময় কোম্পানিটির আয় হয়েছে প্রায় ৩ হাজার ২০০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩৮ দশমিক ৬ শতাংশ বেশি।
কোম্পানিটির বরাতে রয়টার্স জানিয়েছে, এটি টিএসএমসির ইতিহাসে সবচেয়ে বড় ত্রৈমাসিক মুনাফা।
বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি বর্তমানে অ্যাপল ও এনভিডিয়ার মতো বড় বড় প্রযুক্তি কোম্পানির জন্য উন্নতমানের এআই চিপ তৈরি করছে।
গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশ্লেষক ব্র্যাডি ওয়াং জানিয়েছেন, ৭ ন্যানোমিটারের নিচের প্রযুক্তির চিপের চাহিদাই এ প্রবৃদ্ধির মূল কারণ। জুন প্রান্তিকে মোট আয়ের ৭৪ শতাংশ এসেছে এ উন্নতমানের চিপ থেকেই।
তবে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাইওয়ানের পণ্যের ওপর পাল্টা শুল্কের হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কিছু পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্ক বসায়। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞার কারণে চীনে টিএসএমসি ও তাদের প্রধান গ্রাহক এনভিডিয়া ও এএমডির ব্যবসাও সীমিত হয়ে পড়েছে। যদিও এনভিডিয়া ও এএমডি চীনে নির্দিষ্ট কিছু পণ্য পাঠানোর অনুমতি পেয়েছে।










