জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সাক্ষাৎ করেছেন শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ ও বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান কে এম মুজিবুল হক। শনিবার জাপানের রাজধানী টোকিওতে দেশটির জাতীয় সংসদ ভবনে (ন্যাশনাল ডায়েট) তারো আসোর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রায় দুই দশক পর তাদের এ পুনর্মিলন ঘটে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) সঙ্গে সংশ্লিষ্টতার সূত্রে ৩০ বছরেরও বেশি সময় ধরে তারো আসোর সঙ্গে পরিচয় রয়েছে বলে জানান মুজিবুল হক। তিনি তারো আসোকে দীর্ঘদিন ধরে অনুপ্রেরণাদায়ী নেতা ও তরুণ প্রজন্মের জন্য আদর্শ হিসেবে বিবেচনা করেন।
সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সাক্ষাৎকালে মুজিবুল হক তারো আসোকে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে অংশ নেয়ার জন্য এ আমন্ত্রণ জানানো হয়। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মুজিবুল হক।
এছাড়া ডিপ্লোম্যাটিক জার্নালের জন্য তারো আসোর একটি বিশেষ সাক্ষাৎকারের অনুরোধ জানান তিনি। তারো আসো এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন। তবে সাক্ষাৎকারের সময় নির্ধারণ তার ব্যস্ততা ও সময়সূচির ওপর নির্ভর করবে বলে জানান। সাক্ষাৎ ও আতিথেয়তার জন্য তারো আসোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুজিবুল হক।










