সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে টেক্সাসে বিনিয়োগ দ্বিগুণ করছে স্যামসাং। ২০২১ সালে সেখানে নতুন কারখানা স্থাপনের উদ্যোগ নেয় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এনগ্যাজেট।
২০২১ সালে টেক্সাসে কারখানা নির্মাণে প্রায় ২ হাজার কোটি ডলার খরচ করেছে স্যামসাং। বিনিয়োগ দ্বিগুণ করার কারণে মোট ৪ হাজার ৪০০ কোটি ডলার ব্যয় হবে বলে সূত্রে জানা গেছে।
উচ্চাভিলাষী এ প্রকল্পে একটি নতুন চিপ উৎপাদন কারখানা, একটি প্যাকেজিং সাইট এবং একটি গবেষণা ল্যাবও অন্তর্ভুক্ত থাকবে। এসব টেক্সাসের কাছাকাছি অবস্থিত হবে, যেখানে আগে সেমিকন্ডাক্টর চিপের কারখানাটি নির্মিত হয়েছিল। টেক্সাসের টেলরের বর্তমান উৎপাদন কেন্দ্রটি এখনো চালু না হলেও চলতি বছরের শেষ দিকে এখানে গুরুত্বপূর্ণ লজিক চিপ উৎপাদন করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
স্যামসাংয়ের সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে মার্কিন প্রশাসনের জন্য একটি বড় জয়। মার্কিন চিপস অ্যাক্টের অন্যতম প্রধান লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে স্থাপনা নির্মাণে বৈশ্বিক চিপ নির্মাতাদের আকৃষ্ট করা। পাশাপাশি এ কার্যক্রম অব্যাহত রাখতে স্যামসাংকে ৬০০ কোটি ডলারের বেশি পুরস্কার দেয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।
চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট ফেডারেল সরকারকে অভ্যন্তরীণ পর্যায়ে ব্যয় বাড়াতে উৎসাহিত করার জন্য অনেক প্রযুক্তি কোম্পানিকে ঋণ ও তহবিল সরবরাহ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেমিকন্ডাক্টর কোম্পানি গ্লোবাল ফাউন্ড্রিজকে ১৫০ কোটি ডলার অনুদান এবং ১৬০ কোটি ডলার ঋণ দেয়া হয়েছে।
গ্লোবাল ফাউন্ড্রিজ নিউইয়র্কের মাল্টায় একটি নতুন উৎপাদন কেন্দ্র তৈরির পরিকল্পনা করেছে। যা গাড়ি, মহাকাশ, প্রতিরক্ষাসহ এআই শিল্পের জন্য চিপ তৈরি করবে।
সাম্প্রতিক সময়ে ইন্টেল যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রায় ৮৫০ কোটি ডলার অনুদান পেয়েছে। প্রাপ্ত এ অর্থ এআই ও উন্নত অ্যাপ নির্মাণে নেতৃস্থানীয় সেমিকন্ডাক্টর চিপ তৈরি করে এমন কারখানা তৈরিতে ব্যবহার করা হবে।
অ্যারিজোনায় আরো দুটি নতুন উৎপাদন কেন্দ্র তৈরি করছে ইন্টেল। এর পাশাপাশি ওহাইও এবং নিউ মেক্সিকোতে দুটি বিদ্যমান ফ্যাব্রিকেশষ কারখানা আধুনিকীকরণের কাজও চলছে বলে জানা গেছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদনে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করছে ইন্টেল। এর মাধ্যমে কোম্পানিটি যুক্তরাষ্ট্রসহ সেমিকন্ডাক্টরের আন্তর্জাতকি বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে বলে অভিমত বিশ্লেষকদের।










