জনপ্রিয় গেম ক্যান্ডি ক্রাশের নির্মাতা প্রতিষ্ঠান কিং গেমসে কর্মী ছাঁটাই নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। কয়েক বছর ধরে যেসব কর্মী প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল তৈরিতে কাজ করেছেন, এখন সে টুল দিয়েই তাদের প্রতিস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। খবর এনগ্যাজেট।

মাইক্রোসফটের সাম্প্রতিক ছাঁটাইয়ের বড় প্রভাব পড়েছে এর গেমিং বিভাগে। ফলে ক্যান্ডি ক্রাশ নির্মাতা কিং স্টুডিওর বহু কর্মী চাকরি হারিয়েছেন। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, ছাঁটাইকৃত কর্মীদের জায়গায় বসানো হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলস।

মোবাইল গেমিংভিত্তিক সংবাদমাধ্যম মোবাইলগেমারডটবিজ জানিয়েছে, কিংয়ের ন্যারেটিভ, ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স), লেভেল ডিজাইন ও ইউজার রিসার্চ বিভাগে কাজ করা অনেক কর্মী দীর্ঘদিন ধরে এআই মডেল তৈরিতে যুক্ত ছিলেন। এখন সেসব মডেলই তাদের স্থানে কাজ করবে। এতে কর্মীদের চাকরি ঝুঁকিতে পড়েছে।

লন্ডনে অবস্থিত কিং গেমসের ‘ফার্ম হিরোস সাগা’ গেমের কপিরাইটিং টিমেও ছাঁটাই শুরু হয়েছে। সেখানে অর্ধেক কর্মী ছাঁটাই হতে চলেছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলছেন, ‘আমাদের নিজেদের বানানো টুল দিয়েই যখন আমাদের কাজ বাতিল করা হয়, তখন সেটা শুধু অমানবিকই নয়। বরং অসম্ভব রকমের অযৌক্তিক।’

প্রথমে ধারণা করা হয়েছিল, কিং গেমসে দুই শতাধিক কর্মী ছাঁটাই হতে পারে। কিন্তু প্রতিষ্ঠানটির ভেতরের সূত্র বলছে, ছাঁটাইয়ের প্রকৃত সংখ্যা আরো বেশি হবে।

ছাঁটাইয়ের ঢেউ শুধু কিং গেমসেই সীমাবদ্ধ নয়। হেলো গেমস স্টুডিওতেও হঠাৎ করে একাধিক কর্মী চাকরি হারিয়েছেন। এক ডেভেলপার জানান, এমন সিদ্ধান্তে তারা ‘চরম ক্ষুব্ধ’।

অনেকে বলছেন, এমন পরিস্থিতিতে কর্মীদের মধ্যে উদ্বেগ আরো বেড়েছে। কারণ মাইক্রোসফট বর্তমানে ‘কোপাইলট’ নামের একটি এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারে জোর দিচ্ছে। আর অভিযোগ উঠেছে, তারা নানা জায়গায় কর্মীদের বদলে এআই নিয়োগ করছে। এতে কেউ কেউ আশঙ্কা করছেন, ভবিষ্যতে গেমিংয়ের কর্মক্ষেত্রে মানুষের জায়গা আরো কমে আসতে পারে।