যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি সিসকো নেটওয়ার্ক সিস্টেমে অনুপ্রবেশ করে সম্প্রতি তথ্য চুরি ও তা অনলাইনে ফাঁস করার দাবি করে ‘ইন্টেলব্রোকার’ নামে এক হ্যাকার। সিসকো এ বিষয় তদন্ত শুরু করে জানিয়েছে, এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি এখনো। খবর টেকরাডার।

ইন্টেলব্রোকার একটি হ্যাকিং সাইটে দাবি করেছে, ৬ অক্টোবর সিসকোর বেশকিছু ডাটা চুরি হয়েছে এবং এসব ডাটা বিক্রি করেছে হ্যাকারটি। চুরি হওয়া ডাটায় গিটহাব এবং গিটল্যাব প্রকল্পের তথ্য, সোর্স কোড, গোপন নথি, ক্রেডেনশিয়াল ও আরো অনেক কিছু রয়েছে।

সিসকো বলছে, হ্যাকারটি মনেরো নামে একটি ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট চাচ্ছে। তবে হ্যাকটি কীভাবে ঘটেছে তা এখনো পরিষ্কার নয়, কারণ সিসকো বিষয়টি তদন্ত করছে এবং হ্যাকারো বিস্তারিত কোনো তথ্য শেয়ার করেনি। কিছু প্রতিবেদন জানায়, সম্ভবত তৃতীয় পক্ষের সেবা প্রদানকারীকে লক্ষ্য করে এসব তথ্য চুরি হয়েছে। এ তথ্য ফাঁসের ঘটনা শুধু সিসকো নয়, অনেক কোম্পানিকে প্রভাবিত করতে পারে। কারণ চুরি হওয়া ডাটায় অন্যান্য সংস্থার তথ্য থাকতে পারে, যারা সিসকোর সেবা বা পণ্য ব্যবহার করে। যেমন এটিঅ্যান্ডটি ও মাইক্রোসফট।

সিসকো এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে। তারা বলেছে, এখন পর্যন্ত তাদের সিস্টেমে প্রভাবিত হওয়ার কোনো প্রমাণ নেই এবং যদি কোনো গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়, তবে তারা গ্রাহককে জানাবে।

এর আগে চলতি বছরের শুরুতে সিস্কো স্বীকার করেছে, রাষ্ট্রসমর্থিত হ্যাকাররা তাদের ফায়ারওয়ালের দুর্বলতা ব্যবহার করে সরকারের নেটওয়ার্কে আক্রমণ করেছে।