প্রো মডেলের আইফোন কেনার একটি বড় সুবিধা হলো উন্নত রিফ্রেশ রেটের ওএলইডি ডিসপ্লে। এ প্রযুক্তির মাধ্যমে স্ক্রিন আরো মসৃণ ও দ্রুত সাড়া দিতে সক্ষম হয়। ফিচারটি আইফোন ১৭ সিরিজের প্রোসহ সব মডেলেই যুক্ত হতে পারে বলে ম্যাকরিউমারসের প্রতিবেদনে জানিয়েছে ডিজিটাল চ্যাট স্টেশন নামে এক ট্রিপস্টার। খবর ম্যাশাবেল।

ডিজিটাল চ্যাট স্টেশন এর আগেও আইফোন-১৫ সিরিজের লেন্স ক্যামেরা সেন্সর ও আইফোন-১২-এর ডিসপ্লে প্যানেলের তথ্য প্রকাশ করেছিল, যা পরবর্তী সময় সঠিক প্রমাণিত হয়েছে।

গত সেপ্টেম্বরে ডিসপ্লে সাপ্লাই চেইন বিশেষজ্ঞ রস ইয়ং জানান, ২০২৫ সাল থেকে পরবর্তী আইফোনগুলোয় বেস মডেলের ‘‌প্লাস’ আইফোনের পরিবর্তে বাজারে আসতে পারে ‘‌স্লিম’ আইফোন-১৭। এ মডেলেও ‘‌প্রো-মোশন’ ডিসপ্লে থাকার কথা উল্লেখ করেছেন ইয়াং। এদিকে ডিজিটাল চ্যাট স্টেশন বলছে, আইফোন-১৭ প্রো ম্যাক্সে ফেস আইডি সেন্সর ও ডায়নামিক আইল্যান্ডটি আরো ছোট দেয়া হতে পারে। পুরো লাইনআপে ১২ মেগাপিক্সেলের বর্তমান আইফোনগুলোর ফ্রন্ট ক্যামেরার পরিবর্তে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে। এ সিরিজে প্রথমবারের মতো অ্যাপলের ডিজাইন করা ওয়াইফাই বা ব্লুটুথ চিপ ব্যবহার করা হবে।