নতুন একটি কোম্পানিতে বিনিয়োগ করতে যাচ্ছে ওপেনএআই ও এর সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। প্রতিষ্ঠানটি মানবমস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করার প্রযুক্তি তৈরি করবে। প্রকল্পটি ইলোন মাস্কের নিউরালিংকের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে মনে করছেন অনেকে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

মার্জ ল্যাবস নামের নতুন কোম্পানটির বর্তমান বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৮৫ কোটি ডলার। পরিকল্পনা সম্পর্কে অবগত তিন সূত্র জানিয়েছেন, কোম্পানিটি তহবিল সংগ্রহ শুরু করেছে। আর এ বিনিয়োগের বেশির ভাগ অর্থ আসবে ওপেনএআইয়ের ভেঞ্চার টিম থেকে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পটি শুরু করতে সহায়তা করবেন স্যাম অল্টম্যান। তার সঙ্গে থাকবেন অ্যালেক্স ব্লানিয়া। তিনি ‘ওয়ার্ল্ড’ নামের একটি প্রকল্প পরিচালনা করছেন, যেখানে চোখের মণি স্ক্যান করে ডিজিটাল আইডি তৈরি করা হয়। ওপেনএআই-প্রধান অল্টম্যান ওই প্রকল্পেও সহায়তা দিচ্ছেন বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত দুই সূত্র।

সূত্র জানায়, অল্টম্যান কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা হবেন, তবে তিনি প্রতিদিনের কাজে যুক্ত থাকবেন না। মার্জের মতো বেশকিছু নতুন প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতি কাজে লাগিয়ে আরো কার্যকর ‘ব্রেইন-কম্পিউটার’ সংযোগ তৈরিতে কাজ করছে।

স্যাম অল্টম্যান চলতি বছর এক ব্লগ পোস্টে লেখেন, প্রযুক্তিগত অগ্রগতির ফলে শিগগিরই ‘হাই-ব্যান্ডউইডথ ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস’ পাওয়া যেতে পারে।

হাই-ব্যান্ডউইডথ ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস হলো মানুষের মস্তিষ্ক আর কম্পিউটারের মধ্যে খুব দ্রুত এবং বড় পরিমাণে তথ্য আদান-প্রদান করার প্রযুক্তি। যেমন মানুষ শুধু ভাবনা-চিন্তা দিয়েই কম্পিউটারকে নির্দেশনা দিতে পারবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, স্যাম অল্টম্যানের নতুন উদ্যোগটি ইলোন মাস্কের নিউরালিংকের সঙ্গে প্রতিযোগিতা করবে। ২০১৬ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি মানবমস্তিষ্ককে সরাসরি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার প্রযুক্তি তৈরি করছে। নিউরালিংক বর্তমানে ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস কোম্পানিগুলোর মধ্যে এগিয়ে রয়েছে।

উল্লেখ্য, মাস্ক ও অল্টম্যান মিলে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন। তবে ২০১৮ সালে মতবিরোধের কারণে মাস্ক পর্ষদ ছেড়ে চলে যান। এরপর থেকে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত।