ওপেনএআইয়ের প্রথম হার্ডওয়্যার ডিভাইস বাজারে আসতে আরো কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। খ্যাতনামা ডিজাইনার জনি আইভের সঙ্গে যৌথভাবে তৈরি এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডিভাইসের উন্মোচন ২০২৬ সালে হওয়ার কথা থাকলেও ‘প্রযুক্তিগত জটিলতা’র কারণে সময়সূচি পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি)। খবর এনগ্যাজেট।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভের এই সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দলটি এখনো ডিভাইসটির এআই অ্যাসিস্টেন্টের কণ্ঠ ও আচরণ নির্ধারণে কিছুটা জটিলতায় পড়ছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই সহকারীকে এমনভাবে তৈরি করার পরিকল্পনা রয়েছে, যাতে সে ‘বন্ধুর মতো কম্পিউটার হয়, কোনো অস্বস্তিকর কৃত্রিম সঙ্গী নয়।

এছাড়া, গোপনীয়তা রক্ষা নিয়েও রয়েছে উদ্বেগর‍্যেছে বলে জানিয়েছে এফটি। যেহেতু ডিভাইসটি সব সময় আশপাশের শব্দ শুনতে পারবে, তাই ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা নেয়া হচ্ছে। পাশাপাশি, ডিভাইসটি চালাতে প্রয়োজনীয় বিপুল কম্পিউটিং ক্ষমতার কারণে বাজেটও বাড়তে পারে বলে জানা গেছে।

প্রকল্পটি নিয়ে এখনো তেমন বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি। তবে স্যাম অল্টম্যান ইঙ্গিত দিয়েছেন, ডিভাইসটি পকেটে বহনযোগ্য আকারের হতে পারে, আশপাশ সম্পর্কে সচেতন থাকবে এবং এতে কোনো স্ক্রিন থাকবে না। অর্থাৎ ব্যবহারকারী এতে স্বাভাবিকভাবে কথা বলেই কাজ করতে পারবেন।

বিশ্লেষকরা বলছেন, ওপেনএআই এবার বেশ সতর্কভাবে এগোচ্ছে। কারণ এর আগে হিউমেন এআই পিনের মতো অনুরূপ ডিভাইস বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়ে বাজার থেকে উঠে গেছে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই ওপেনএআই ও আইভ এবার সময় নিচ্ছে আরো পরিপক্ব ও নির্ভরযোগ্য পণ্য তৈরি করতে।