প্রায় ২৪ ঘণ্টার বড় ধরনের বিভ্রাটের পর সনির প্লে স্টেশন নেটওয়ার্কের (পিএসএন) কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরেছে। পিএসএন গেমারদের অনলাইনে সংযুক্ত করে ও একসঙ্গে গেম খেলার সুবিধা দেয়। গত শুক্রবারের ঘটনায় ব্যবহারকারীরা অনলাইন পরিষেবাগুলো ব্যবহার করতে ও মাল্টিপ্লেয়ার গেম খেলতে বাধার মুখে পড়ে। খবর সিএনএন।
প্লে স্টেশন শনিবার এ বিষয়ে এক্সে জানিয়েছে, ‘এখন পরিষেবা স্বাভাবিকভাবে কাজ করছে। ব্যবহারকারীরা অনলাইন ফিচারগুলোয় কোনো সমস্যা ছাড়াই প্রবেশ করতে সক্ষম হবে।’
কোম্পানির তথ্যানুযায়ী, সমস্যাটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত ৭টার দিকে শুরু হয়। ত্রুটির কারণে অনেক ব্যবহারকারী অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, গেমিং, ভিডিও, প্লে স্টেশন স্টোর ও অন্যান্য সেবায় প্রবেশ করতে সমস্যায় পড়েন, পাশাপাশি তাদের প্লে স্টেশন কনসোল ডিভাইস, যেমন প্লে স্টেশন ফাইভ ও ইন্টারনেটেও জটিলতা দেখা দেয়।
সাম্প্রতিক ঘটনাটি পিএসএনের দীর্ঘতম বিভ্রাটের মধ্যে একটি ছিল বলে জানিয়েছে সনি। এর আগে ২০১১ সালের এপ্রিলে প্লে স্টেশন নেটওয়ার্কের প্রায় সব ব্যবহারকারী এক মাসের জন্য সেবাগুলোয় প্রবেশ করতে পারেনি। এটি ঘটেছিল বড় একটি তথ্য ফাঁসের কারণে। তবে এবারের বিভ্রাটের কারণ সম্পর্কে কিছু জানায়নি জাপানের প্রযুক্তি জায়ান্টটি।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমগুলোয় শনিবার দুপুরে পরিষেবায় প্রবেশ করার কথা জানিয়েছেন অনেকেই।










