বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে রাজধানীর মিরপুরে আজও রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক খাতের শ্রমিকরা। এ নিয়ে টানা তিনদিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
আজ সকাল ৯টার দিকে মিরপুর-১০ ও তার আশপাশের সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর ফলে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ সংযোগ সড়কগুলোয় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা।
সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন।
এর আগে, গতকাল একই দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও তাদের গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও তার অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে, একই দাবিতে আজ সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সেখানেও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।










