চীনে আইফোনসহ বিদেশী ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রি চলতি বছরের অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় ৪৪ দশমিক ২৫ শতাংশ কমে গেছে। সম্প্রতি চীনের একটি সরকারি সংস্থার সঙ্গে সম্পর্কিত একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।
চীনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাডেমির (সিএআইসিটি) দেয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রস্তুত প্রতিবেদনটিতে বলা হয়, দেশটিতে গত মাসে বিদেশী ব্র্যান্ডের ফোন বিক্রি কমে ৬২ লাখ ২০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১ কোটি ১১ লাখ ৪৯ হাজার ইউনিট।
চীনের স্মার্টফোন বাজারে সবচেয়ে বড় বিদেশী ফোন নির্মাতা হিসেবে অ্যাপল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পারফরম্যান্স চীনের বাজারে বিদেশী ব্র্যান্ডের ফোন বিক্রির সামগ্রিক পরিসংখ্যানকে সরাসরি প্রভাবিত করে।
অ্যাপল গত সেপ্টেম্বরে আইফোন ১৬ মডেল চীনের বাজারে নিয়ে এসেছে। তবে ফোনটির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার এখনো চীনা ভাষায় চালু হয়নি। আগামী বছর থেকে চালুর কথা জানিয়েছে অ্যাপল। তবে চীনের বাজারে এআই ফিচারের জন্য কোনো কোম্পানিকে অংশীদার করা হবে কিনা, এ সম্পর্কে এখনো কোনো ঘোষণা দেয়নি টেক জায়ান্টটি।
এদিকে চীনে সামগ্রিকভাবে স্মার্টফোনের বিক্রি বেড়েছে। সিএআইসিটির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে দেশটিতে ফোন বিক্রির হার ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এ সময় বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ইউনিটে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাণিজ্য যুদ্ধে এগিয়ে থাকতে দেশীয় বাজার বিকাশে মনোযোগ দিচ্ছে চীন। সাম্প্রতিক পরিসংখ্যান দেশটির স্মার্টফোন বাজারে বিদেশী ও দেশীয় ব্র্যান্ডের মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং বাজারের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে।










