মেটা মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা।

এর আগে, গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে বিশ্বজুড়ে হাজারো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্যায় পড়েন। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্বাভাবিক হয় হোয়াটসঅ্যাপ। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মেটা বলেছে, ‘আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ! আমরা সমস্যার ৯৯ শতাংশ কাটিয়ে ওঠার পথে রয়েছি; শুধু শেষ কিছু পরীক্ষা করছি। বিভ্রাটের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’ হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কর্তৃপক্ষও এক্সে সমস্যা কাটিয়ে ওঠার কথা জানিয়েছে। এ ছাড়া বিভ্রাটের শিকার হওয়ার জন্য ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

এর আগে সর্বশেষ গত মার্চ মাসে এমন বিভ্রাট দেখা দিয়েছিল মেটার ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডের মতো অ্যাপগুলোয়।