প্রায় ছয় মাস আগে মুক্তি পাওয়া ইউবিসফটের ফার্স্ট-পারসন শুটার গেম ‘এক্সডিফায়েন্ট’ ২০২৫ সালের ৩ জুন বন্ধ হয়ে যাবে। এ সিদ্ধান্তের অংশ হিসেবে তিনটি প্রডাকশন স্টুডিও বন্ধ করে দেয়া হবে এবং সেই সঙ্গে ২৭৭ কর্মী ছাঁটাই করা হবে। খবর এনগ্যাজেট।
কোম্পানিটি জানিয়েছে, গত বুধবার থেকে নতুন করে গেম ডাউনলোড, প্লেয়ার রেজিস্ট্রেশন ও কেনাকাটা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। যেসব প্লেয়ার ‘আলটিমেট ফাউন্ডারস প্যাক’ কিংবা ৩০ দিনের মধ্যে যাই কিনেছে, তারা আট সপ্তাহের মধ্যে পূর্ণ রিফান্ড পেয়ে যাবে। এ সিদ্ধান্তের বিষয়ে ইউবিসফটের চিফ স্টুডিও ও পোর্টফোলিও অফিসার মেরি-সোফি ডি ওয়াবার্ট বলেন, ‘একটি ইতিবাচক সূচনা, দলের উৎসাহী কাজ ও প্রতিশ্রুতিবদ্ধ ফ্যানবেস থাকা সত্ত্বেও আমরা দীর্ঘমেয়াদে যথেষ্ট খেলোয়াড় আকৃষ্ট করতে এবং ধরে রাখতে পারিনি।’
ইউবিসফট নিশ্চিত করেছে, তারা ওসাকা ও সান ফ্রান্সিসকো স্টুডিওর কার্যক্রম বন্ধ করছে। ফলে ২৭৭ জন চাকরি হারাবে, যা এক্সডিফায়েন্ট দলের অর্ধেকেরও বেশি। বাকিদের কোম্পানির অন্যান্য অংশে পুনরায় নিয়োগ করা হবে।
একসময় এক্সডিফায়েন্ট ছিল ইউবিসফটের সবচেয়ে দ্রুতবর্ধনশীল গেম। কোম্পানির যেকোনো গেমের তুলনায় দ্রুত সময়ে ৫০ লাখ ব্যবহারকারী যুক্ত হয় এতে। পরে ১৫০ লাখ প্লেয়ার পর্যন্ত পৌঁছেছিল। তবে কোম্পানির মতে, তারা এ সাফল্য ধরে রাখতে পারেনি। এরপর গত মাসেই গুঞ্জন ওঠে, গেমটি শিগগিরই বন্ধ হয়ে যাবে।
ইউবিসফট সম্প্রতি কঠিন সময় পার করছে। কোম্পানিটি সম্প্রতি ‘দ্য ডিভিশন: হার্টল্যান্ড’ লঞ্চের আগেই বাতিল করেছে ও স্টার ওয়ারস আউটলসের হতাশাজনক পারফরম্যান্সের পর অ্যাসাসিনস ক্রিড শ্যাডোস মুক্তির সময়ও পিছিয়েছে।










