দেশে আবারো নকিয়া মোবাইলের উৎপাদন শুরু হয়েছে। সম্প্রতি গাজীপুরের টঙ্গিতে ৫৩ হাজার ৭১৫ বর্গফুট জায়গা নিয়ে ম্যানুফ্যাকচারিং ইউনিট (মোবাইল কারখানা) চালু করেছে সেলেক্সট্রা লিমিটেড। এখানেই নকিয়ার মোবাইল ফোন তৈরি করা হচ্ছে।

সেলেক্সট্রার ম্যানুফ্যাকচারিং ইউনিটে স্মার্টফোন ছাড়াও স্মার্টওয়াচ, টিডব্লিউএস, হেডফোন, ফিচার ফোনসহ দেশী-বিদেশী গ্যাজেট তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সেলেক্সট্রায় নকিয়া মোবাইল উৎপাদন শুরুর পরিপ্রেক্ষিতে সম্প্রতি কারখানা পরিদর্শনে আসেন এইচএমডি গ্লোবালের চিফ অপারেটিং অফিসার আলা লুসান, ভারত ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট রাভি কুনওয়ার, পান-এশিয়া জেনারেল ম্যানেজার বিবেক খান্ডেলওয়াল এবং এইচএমডি কান্ট্রি ম্যানেজার, মশিউর রহমান।

আলা লুসান বলেন, ‘সেলেক্সট্রার অত্যাধুনিক প্রযুক্তির উৎপাদন কারখানা দেখে আমি আনন্দিত। এখন পর্যন্ত সাতটি মডেলের নকিয়া মোবাইল ফোন এ কারখানায় উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এটি আমার দেখা সবচেয়ে সেরা কারখানা। সেলেক্সট্রার সঙ্গে অদূরভবিষ্যতে এইচএমডি বাংলাদেশের জন্য আরো নতুন পণ্য ও সেবা নিয়ে আসবে।’

রাভি কুনওয়ার তার মন্তব্যে বলেন, ‘বাংলাদেশে সেলেক্সট্রা উৎপাদন কারখানায় অত্যাধুনিক মেশিন ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এখান থেকে বিশ্বমানের নকিয়া ফোন উৎপাদিত হচ্ছে এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি, এখন থেকে বিশ্বমানের নকিয়া ফোন বাংলাদেশেই উৎপাদিত হবে।’

সেলেক্সট্রা লিমিটেডের বোর্ড চেয়ারম্যান আশরাফ বিন তাজ বলেন, ‘এ কারখানায় উৎপাদিত প্রতিটি নকিয়া ফোনের মানের প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মোবাইল শিল্পের এ বিকশিত বিশ্ববাজারে, আমরা বাংলাদেশেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।’  —বিজ্ঞপ্তি