বিনামূল্যে বিজ্ঞাপনসহ এক্সবক্স ক্লাউড গেমিং চালুর প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এরই মধ্যে অভ্যন্তরীণ পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে গেম স্ট্রিমিং পরিষেবাটি। এখানে কর্মীরা গেম পাস সাবস্ক্রিপশন ছাড়াই নির্দিষ্ট কিছু গেম বিনামূল্যে খেলতে পারছেন। খবর দ্য ভার্জ।
বিজ্ঞাপনসহ বিনামূল্যের এ সংস্করণে ব্যবহারকারীরা নিজেদের কেনা গেম, সপ্তাহান্তে চালু থাকা ‘ফ্রি প্লে ডেজ’-এর গেম ও এক্সবক্সের ক্ল্যাসিক কিছু পুরনো গেম স্ট্রিম করতে পারবেন। তবে গেম শুরুর আগে প্রায় ২ মিনিটের প্রি-রোল বিজ্ঞাপন দেখতে হবে। প্রতিটি সেশনের সময়সীমা ১ ঘণ্টা এবং মাসে সর্বোচ্চ ৫ ঘণ্টা খেলার সুযোগ দেয়া হবে। তবে আনুষ্ঠানিকভাবে চালুর আগে এ সময়সীমা পরিবর্তন হতে পারে।
মাইক্রোসফট জানিয়েছে, বিজ্ঞাপনভিত্তিক এ সেবা পিসি, এক্সবক্স কনসোল, হ্যান্ডহেল্ড ডিভাইস ও ওয়েব ব্রাউজারে চালু করা হবে। শিগগিরই এর উন্মুক্ত বেটা পরীক্ষা শুরু হবে, এরপর পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।
মাইক্রোসফট সম্প্রতি এক্সবক্স গেম পাস সেবায় বড় পরিবর্তন এনেছে। নতুন প্রিমিয়াম ও অ্যাসেনশিয়াল প্যাক চালুর পাশাপাশি ‘আলটিমেট’ সাবস্ক্রিপশনের দামও ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।
প্রায় দুই বছর আগে মাইক্রোসফট গেমিংয়ের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার টিম স্টুয়ার্ট প্রথম বিনামূল্যের এ সেবার ইঙ্গিত দিয়েছিলেন। কোম্পানির লক্ষ্য গেম স্ট্রিমিং আরো সহজলভ্য ও সাশ্রয়ী করা।
মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট জেসন রোনাল্ড এক্সবক্সের পডকাস্টে বলেন, ‘এটি আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করছে, যা একদিকে সেবাটিকে আরো সাশ্রয়ী করবে, অন্যদিকে নতুন অঞ্চল ও খেলোয়াড়দের জন্য এক্সবক্স ক্লাউডকে আরো সহজলভ্য করবে।’










