থ্রেডসকে ফেডিভার্সের সঙ্গে সংযুক্ত করার জন্য নতুন একটি পদক্ষেপ নিয়েছে মেটা। এখন থেকে ব্যবহারকারী থ্রেডস থেকেই মাস্টোডন ও অন্যান্য ফেডিভার্স অ্যাপের অ্যাকাউন্ট অনুসরণ করতে পারবেন বলে জানিয়েছেন কোম্পানির সিইও মার্ক জাকারবার্গ। খবর এনগ্যাজেট।
ফেডিভার্স হলো আন্তঃসংযুক্ত, বিকেন্দ্রীভূত সামাজিক নেটওয়ার্কের সংগ্রহ, যা একে অন্যের সঙ্গে ওপেন প্রটোকল ব্যবহারের মাধ্যমে যোগাযোগ করে। এটি বিভিন্ন প্লাটফর্ম নিয়ে গঠিত, যেমন মাস্টোডন, প্লেরোমা ও পিয়ারটিউব। যেখানে একই সার্ভিসে না থেকেও ব্যবহারকারীরা একে অন্যকে বিভিন্ন নেটওয়ার্কে অনুসরণ করতে পারে।
থ্রেডস শুরু হওয়ার পরই মেটা বলেছিল, তারা ‘অ্যাক্টিভিটি পাব’ নামক সিস্টেম যুক্ত করবে, যা মাস্টোডনসহ অন্য প্লাটফর্মে ব্যবহার হয়। মেটার লক্ষ, থ্রেডস ব্যবহারকারীরা যেন মাস্টোডন বা অন্য সাইটের ব্যবহারকারীদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে।
সর্বশেষ আপডেটের মাধ্যমে যারা থ্রেডসে ফেডিভার্স শেয়ারিং চালু করেছে, তারা এখন সরাসরি থ্রেডসে মাস্টোডন ও অন্যান্য সেবা থেকে প্রোফাইল দেখতে এবং অ্যাকাউন্ট অনুসরণ করতে পারবে।
তবে এখনো থ্রেডসের ফেডিভার্স সাপোর্টে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
বর্তমানে অন্য সার্ভারের ব্যবহারকারীদের খোঁজার কোনো উপায় নেই। ব্যবহারকারীরা এখনো মাস্টোডন বা অন্যান্য অ্যাক্টিভিটি পাব পরিষেবার পোস্টে প্রতিক্রিয়া জানাতে পারবে না। তাই যোগাযোগ এখন পর্যন্ত একপক্ষীয়।
২০২৩ সালের জুলাইয়ে থ্রেডস চালু হওয়ার পর মাত্র কয়েক মাসের মধ্যে এটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। প্রথম সপ্তাহেই ১০ কোটি ব্যবহারকারী যুক্ত হয় এ প্লাটফর্মে। গত মাসে হালনাগাদ করা তথ্যানুযায়ী, বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ২৭ কোটির বেশি। অল্পসময়ে এ অর্জনকে ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন মেটার আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি।










