বছরের শুরুতে নতুন কিছু আপডেট নিয়ে এসেছে মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। এর মধ্যে রয়েছে থার্ড-পার্টির মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, পরিমার্জিত মেসেজ সার্চ ফিল্টার ও উপহারকে এনএফটিতে রূপান্তর করার সুবিধা। খবর টেকক্রাঞ্চ।
চ্যাট অ্যাপটিতে আগে থেকেই জনসাধারণের পরিচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যাচাই করার একটি ব্যবস্থা ছিল। এবার স্বীকৃত থার্ড-পার্টি প্রতিষ্ঠান, যেমন খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠান অন্যান্য অ্যাকাউন্ট যাচাই করার অনুমতি পাবে। অর্থাৎ নির্দিষ্ট অ্যাকাউন্ট সঠিক ও বিশ্বাসযোগ্য কিনা তা যাচাই করতে পারবে এ প্রতিষ্ঠানগুলো। যেসব অ্যাকাউন্ট তৃতীয় পক্ষ দ্বারা যাচাই করা হবে, তাদের নামের পাশে ব্লু চেকমার্কের পরিবর্তে একটি নতুন লোগো দেখা যাবে।
টেলিগ্রাম একটি ব্লগ পোস্টে জানিয়েছে, যারা ব্যক্তিগতভাবে বা প্রতিষ্ঠান হিসেবে ভেরিফায়েড হতে চায়, প্রথমে একটি যাচাই প্রক্রিয়া সম্পন্ন ও আবেদন করতে হবে। একবার ভেরিফায়েড হলে এসব অ্যাকাউন্টের প্রোফাইলে সংস্থার লোগো দেখা যাবে। পাশাপাশি প্রাইভেট চ্যাট, গ্রুপ চ্যাট ও চ্যানেলের জন্য নতুন সার্চ ফিল্টারও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
এএফপির তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ৯৫ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে টেলিগ্রামে।










