ব্যাটারিতে ত্রুটি থাকায় সব পিক্সি ড্রোন সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে স্ন্যাপ। কনজিউমার প্রডাক্ট সেফটি কমিশন (সিপিএসসি) ও কোম্পানির তথ্যানুযায়ী, ব্যাটারি অত্যধিক গরম হওয়ার চারটি অভিযোগ পাওয়ার পর ড্রোনগুলো অপসারণ করার উদ্যোগ নেয়া হয়েছে। খবর এনগ্যাজেট।
এক বিবৃতিতে স্ন্যাপ জানায়, যারা ড্রোন ফেরত দেবে তাদের টাকা ফেরত দেয়া হবে। ওয়েবসাইটে কোম্পানি জানায়, পিক্সি ফ্লাইং ক্যামেরার সঙ্গে যে ব্যাটারি দেয়া হয়েছে সেটি অত্যধিক গরম হচ্ছে এবং এটি অগ্নিকাণ্ডের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ কারণে ড্রোনগুলো বাজার থেকে সরিয়ে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে।
সিপিএসসির তথ্যানুযায়ী, ব্যাটারির সমস্যার কারণে ছোট অগ্নিকাণ্ড ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। ওয়েবসাইটে দেয়া পোস্টে কোম্পানি ব্যাটারি ছাড়া ড্রোন ফেরত দেয়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছে। কোম্পানি জানায়, যদি কেউ গিফট হিসেবেও পিক্সির ড্রোন পেয়ে থাকে এবং কারো কাছে যদি রসিদ না থাকে তাহলেও সেটি রিফান্ডের আওতায় পড়বে। যাদের কাছে ড্রোনটি রয়েছে তাদের সবাইকে এটি কোম্পানির কাছে ফেরত দেয়ার আহ্বানও জানানো হয়েছে।
২০২২ সালের এপ্রিলে ড্রোনটি প্রথম উন্মোচন করে স্ন্যাপচ্যাটের নির্মাতা প্রতিষ্ঠান। কিন্তু এর চার মাস পর হার্ডওয়্যার প্রকল্প থেকে রিসোর্স বা সহায়তা সরিয়ে নেয়ার কারণে ড্রোন উন্নয়নের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত কী পরিমাণ ড্রোন বিক্রি হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।










