কভিড-১৯-এর সময়ে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে বাসা থেকে অফিসের কাজ করার প্রবণতা বেড়ে গিয়েছিল। কভিড-১৯ বিধিনিষেধ শিথিল হওয়ার পর প্রতিষ্ঠানগুলোয় কর্মীরা অফিসে ফিরে আসা শুরু করেছে। তবে এখন অনেকের কাছেই বাসা থেকে অফিস করা বেশি সুবিধাজনক মনে হয়। মাইক্রোসফট এবার একটি হাইব্রিড কাজের পরিবেশ তৈরির প্রচেষ্টায় মাইক্রোসফট টিমে মেশ নামের নতুন একটি ফিচার চালু করেছে। এতে কর্মচারীরা বিভিন্ন জায়গায় থাকলেও ভার্চুয়াল প্লাটফর্মটির ফিচার অ্যাভাটার ব্যবহার করে একটি নির্দিষ্ট জায়গায় যোগাযোগ করতে পারবে। খবর এনগ্যাজেট।

মাইক্রোসফট অ্যাকসেঞ্চার ও তাকেদার মতো কোম্পানিতে মেশ ফিচারটির পরীক্ষামূলক ট্রায়াল চালিয়েছে। তাকেদার কোম্পানির চিফ টেকনোলজি অফিসার লিও বারেলা এক বিবৃতিতে জানান, প্রযুক্তি উন্নতির ফলে কর্মক্ষেত্রের যোগাযোগ প্রচলিত চিন্তাধারায় পরিবর্তন হয়েছে। তবে মানুষের সঙ্গে যোগাযোগের গুরুত্ব এখনো হারিয়ে যায়নি। কেবল মাধ্যম বদলে গেছে। মাইক্রোসফটের মেশ ফিচারটি ব্যবহারের মাধ্যমে অফিস মিটিং আরো সহযোগিতাপূর্ণ ও বাস্তবভিত্তিক অভিজ্ঞতা তৈরিতে সাহায্য করবে।