চীনের বাজারে গত অক্টোবরে ওয়ানপ্লাস নিজেদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৩ উন্মোচন করে। কোম্পানি এখন মডেলটির বৈশ্বিক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, আন্তর্জাতিক পর্যায়ে স্মার্টফোনটির বিক্রি শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে, তবে শুরুতে সীমিত সংখ্যক ইউনিট পাওয়া যাবে। খবর গিজচায়না।

কোম্পানিটি বলছে, ওয়ানপ্লাস ১৩-এর প্রথম ব্যাচটি বিক্রির জন্য ৫০০ ইউনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। দ্বিতীয় ব্যাচ আগামী ২ জানুয়ারি ও তৃতীয় ব্যাচ ৫ জানুয়ারি পাওয়া যাবে, যেগুলো যথাক্রমে ৫০০ ইউনিটে সীমাবদ্ধ থাকবে। কোনো সীমাবদ্ধতা ছাড়া নিয়মিত বিক্রি কবে শুরু হবে, তা এখনো জানায়নি ওয়ানপ্লাস।

ফোনটি প্রথম অর্ডার দেয়া গ্রাহকরা বিশেষ কিছু সুবিধা পাবেন বলে জানিয়েছে চীনা কোম্পানিটি। যেমন ওয়ানপ্লাস ১৩-এর প্রাথমিক অর্ডারগুলোর সঙ্গে ২৯৯ ডলার মূল্যের ওয়ানপ্লাস ওয়াচ ২ দেয়া হবে। স্ন্যাপড্রাগন ৮ এলিট দ্বারা চালিত স্মার্টফোটি আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা।

ডিজিটডটইনের ওয়েবসাইট বলছে, ওয়ানপ্লাস ১৩-এর সঙ্গে একই ইভেন্টে ওয়ানপ্লাস ১৩আর ও নতুন ওয়্যারলেস ইয়ারবাডসও প্রকাশ করা হবে।

ওয়ানপ্লাস ১৩-এর ফিচারগুলো ফ্ল্যাগশিপ ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে বলে দাবি কোম্পানিটির। ৬ দশমিক ৮২ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড স্ক্রিনের স্মার্টফোনটি ২৪ জিবি র‍্যাম ও ১টিবি স্টোরেজসহ আসছে। এছাড়া এতে থাকছে একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।