অ্যান্ড্রয়েড ডিভাইসে সময়মতো মেসেজ না আসার সমস্যায় কম-বেশি সবাই বিরক্ত। এ সমস্যার কারণে অনেক সময় ওটিপির মতো জরুরি মেসেজও আসে না। মেক ইউজ অব প্রকাশিত প্রতিবেদনে এসব সমস্যা মোকাবেলায় বেশকিছু বিষয়ের তথ্য উঠে এসেছে।

মেসেজ অ্যাপের স্প্যাম ও ব্লক ফোল্ডার চেক করা: অনেক সময় টেক্সট মেসেজগুলো অ্যাপের লুকানো ফোল্ডারে ফিল্টার হয়ে যেতে পারে। এজন্য সময়মতো টেক্সট মেসেজ না এলে মেসেজিং অ্যাপের স্প্যাম বা ব্লক ফোল্ডারটি চেক করতে হবে। গুগল মেসেজ অ্যাপে ওপরের ডানদিকে ব্যবহারকারী প্রোফাইল ফটোয় ক্লিক করে স্প্যাম ও ব্লক নির্বাচন করে ফিল্টার করা মেসেজ পরীক্ষা করতে হবে।

স্টোরেজ খালি করা: ডিভাইসে থাকা স্টোরেজ যদি কোনো কারণে শেষ হয়ে যায়, তখন আর মেসেজ আসবে না। অনেক সময় বিভিন্ন কোম্পানি স্টোরেজ কম থাকলে সে বিষয়ে ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে থাকে।

এয়ারপ্লেন মোড চালু আছে কিনা চেক করা: এয়ারপ্লেন মোড চালু থাকলে ডিভাইসের সেলুলার ডাটা বন্ধ হয়ে যায়। এ কারণে টেক্সট মেসেজ আসে না। তাই টেক্সট মেসেজ না এলে এয়ারপ্লেন মোড চালু আছে কিনা সেটা চেক করা প্রয়োজন। কুইক সেটিংস মেনু থেকে এয়ারপ্লেন মোড বন্ধ করা যায়। এছাড়া ফোনের সেটিংসে গিয়ে নেটওয়ার্ক ও ইন্টারনেট অপশন থেকে এয়ারপ্লেন মোড বন্ধ করা যায়।

মোবাইল নেটওয়ার্ক সংযোগ চেক করা: দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণেও টেক্সট মেসেজ আসা বন্ধ হতে পারে। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনে নেটওয়ার্ক সিগন্যাল কেমন সেটা চেক করতে হবে। যদি সিগন্যাল কম বা একদম না থাকে তাহলে বুঝতে হবে সেলুলার নেটওয়ার্কে সমস্যা রয়েছে। 

ডিভাইসের নেটওয়ার্ক সেটিংস রিসেট করা: অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস রিসেট করার মাধ্যমে অপ্রত্যাশিত নেটওয়ার্ক সমস্যাগুলোর সমাধান করা যেতে পারে। নেটওয়ার্ক সেটিং রিসেটের মাধ্যমে ব্যবহারকারীর ফোনে থাকা তথ্যের কোনো ক্ষতি হয় না। এটি শুধু অ্যান্ড্রয়েড ফোনের নেটওয়ার্ককে ফ্যাক্টরি সেটিংসের ডিফল্ট অবস্থায় ফিরিয়ে আনে। নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে অ্যান্ড্রয়েড ফোনে ফোনের সেটিংস মেনু থেকে সিস্টেম অপশন গিয়ে রিসেট নির্বাচন করে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিংস অপশনে ট্যাপ করতে হবে। এর পর ভেরিফিকেশনের জন্য ফোনের পাসওয়ার্ড লিখে রিসেট ট্যাপ করলে ফোনের নেটওয়ার্ক রিসেট হয়ে যাবে।

আইফোনের আইমেসেজ পরিষেবা বন্ধ করা: যদি কোনো ব্যবহারকারী সম্প্রতি আইফোন থেকে অ্যান্ড্রয়েডে সুইচ করেন তবে পুরনো আইফোনের আইমেসেজ বন্ধ করতে হবে। যেহেতু অ্যান্ড্রয়েডে আইমেসেজ ব্যবহারের কোনো সুবিধা নেই। তাই আইফোনের আইমেসেজ বন্ধ করা হলে এসএমএস অ্যান্ড্রয়েডে আসার পরিবর্তে আইমেসেজ যেতে পারে। আইমেসেজ বন্ধ করতে হলে আইফোনের সেটিংস থেকে মেসেজ অপশনে গিয়ে আইমেসেজ টগল অফ করতে হবে। 

পাওয়ার সেভিং মোড বন্ধ করা: পাওয়ার সেভিং মোড চালু করলে আগের তুলনায় বেশিক্ষণ ব্যাটারি ব্যবহার করা যায় বলে অনেকই এটি চালু করে ফোন ব্যবহার করেন। কিন্তু পাওয়ার সেভিং মোড চালু করা থাকলে সেটি ব্যাটারি সাশ্রয় করতে ব্যাকগ্রাউন্ড কার্যক্রম বন্ধ রাখে। এতে মেসেজিং অ্যাপসহ অন্য অ্যাপগুলোকেও প্রভাবিত করতে পারে। 

মেসেজিং অ্যাপ আপডেট করা: মেসেজিং অ্যাপের ত্রুটি অনেক ক্ষেত্রে সময়মতো এসএমএস আসার বাধা হতে পারে। অ্যাপ ডেভেলপাররা ত্রুটি সমাধানে আপডেট রিলিজ করে থাকে। তাই এ সমস্যা সমাধানে মেসেজিং অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট বা হালনাগাদ করে নিতে হবে।

অ্যান্ড্রয়েড ডিভাইস আপডেট করা: সিস্টেম আপডেটের মাধ্যমে প্রায়ই সফটওয়্যারজনিত ত্রুটিগুলো সমাধান করে থাকে অ্যান্ড্রয়েড। সময়মতো এসএমএস বা টেক্সট মেসেজ না আসার সমস্যাটি অ্যান্ড্রয়েড ফোনটি আপডেট করার মাধ্যমে সমাধান করা যেতে পারে। এজন্য ডিভাইসের জন্য আপডেট এলে সে আপডেট করে ফেলা উচিত।  

মূলত বেশ কয়েকটি কারণে অ্যান্ড্রয়েড ফোনে টেক্সট মেসেজ রিসিভ বন্ধ হতে পারে। তবে উল্লিখিত পদ্ধতিগুলো অনুসরণ করলে এ সমস্যার সমাধান হয়ে যাওয়া উচিত। যদি এগুলোর পরও সমস্যার সমাধান না হয় তাহলে মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা দরকার।