বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি সমস্যার মুখে পড়েছে ওপেনএআইয়ের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি। গতকাল সকালে প্রায় ৩ ঘণ্টা প্লাটফর্মে লগ ইনসহ এর কোনো পরিষেবাই ব্যবহার করা যায়নি। শুধু চ্যাটজিপিটিই নয়, ওপেনএআইয়ের অন্যান্য টুল যেমন সোরা, কোডেক্স ও জিপিটি এপিআইয়েও এ ত্রুটি দেখা দেয়। খবর ইন্ডিয়া টুডে।

ওয়েবের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, সমস্যার শুরু হয় বাংলাদেশ সময় গতকাল সকাল সাড়ে ৬টার দিকে এবং তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় ৭টা ১০ মিনিটে। ওই সময় ৯১ শতাংশ সমস্যা শুধু চ্যাটজিপিটিসংক্রান্ত ছিল। অবশ্য কয়েক ঘণ্টার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ওপেনএআই।

অনলাইনে বহু ব্যবহারকারী অভিযোগ করেছেন, চ্যাটবটটি একেবারেই কাজ করছে না। কেউ লগইন ভেরিফিকেশন লুপে আটকে যাচ্ছেন, কেউ দেখছেন ফাঁকা চ্যাট স্ক্রিন বা মাঝপথে চ্যাট বন্ধ হয়ে যাওয়ার ঘটনা। ফলে অনেক ডাটাও হারিয়ে গেছে বলে জানান তারা।

কেউ কেউ বলছেন, ডেভেলপারদের অনেকেই কোডেক্সের সাহায্যে রিয়েল টাইম প্রোগ্রামিং করেন। আবার অনেক সৃজনশীল পেশাজীবী সোরা ব্যবহার করে ভিডিও তৈরি করেন। সবাই সমস্যার সম্মুখীন হন।

গত মাসেও এমন প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটিতে। এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চ্যাটজিপিটির নিয়মিত ব্যবহারকারীরা, বিশেষ করে যারা পেশাগত ও শিক্ষাগত কাজে প্লাটফর্মটির ওপর নির্ভরশীল।