গুগল তাদের পিক্সেল ট্যাবলেটের জন্য জিবোর্ড অ্যাপে নতুন অ্যাসিস্ট্যান্ট ভয়েস টাইপিং টুল এনেছে। নতুন এ ফিচারের নাম রাখা হয়েছে রাইট ইন টেক্সট ফিল্ডস। ট্যাবের সঙ্গে আলাদা হার্ডওয়্যার কিবোর্ড ব্যবহার করার ক্ষেত্রে টুলটি চালু হবে। খবর এনগ্যাজেট।
নতুন অ্যাসিস্ট্যান্ট ভয়েস টাইপিংয়ে টুলবারটি ব্যবহার করা যাবে। যখন ভয়েস টাইপ করা হবে তখন টুলবার স্ক্রিনে প্রদর্শিত হবে। গুগল জানায়, এটি ভয়েস টাইপ করার সময় আরো বেশি অংশ স্ক্রিন দেখার সুবিধা দেবে।
টুলবারটি স্ক্রিনের বাম দিকে প্রদর্শিত হবে। যাতে সেটিংস, ভয়েস কমান্ড, ক্লিপবোর্ড, ট্রান্সলেট ও আরো নানা ফিচার অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ইমোজি কিবোর্ড খোলার জন্য একটি শর্টকাটও থাকবে। আর টুলবারের ডানদিকে পুরো আগের মতো ভার্চুয়াল কি-বোর্ডটি ফিরে পেতে কি-বোর্ড ও ভয়েস টাইপিংয়ের জন্য মাইক্রোফোন আইকন রয়েছে।
ভয়েস টাইপ করার সময় কার্সারের পাশে টেক্সটগুলো প্রদর্শিত হবে। মাইক্রোফোন আইকনে ক্লিক করে টুলবারটি অ্যাকসেস করতে পারবেন ব্যবহারকারীরা। গুগল জানায়, এটি ট্যাবলেট ব্যবহারকারীদের ভয়েস টাইপিংয়ের অভিজ্ঞত্তা আরো উন্নত করবে। এ পরিবর্তনটি পিক্সেল ট্যাবলেটের জন্য জিবোর্ড অ্যাপের ১৩ দশমিক ৭ বেটা সংস্করণে যুক্ত করা হয়েছে। তবে পিক্সেল ফোল্ডে আপডেটটি এখনো আসেনি। এছাড়া অন্য ফোনগুলো নতুন ভয়েস টাইপিং টুলবার কবে নাগাদ পাবে তা এখনো স্পষ্ট নয়।










