মেসেজিংয়ের ক্ষেত্রে আইফোন ব্যবহারকারীরা বেশকিছু সুবিধা পেয়ে থাকেন। যার মধ্যে অন্যতম হচ্ছে মেসেজ এডিটিং। শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন। গুগল মেসেজ ও আরসিএসের মাধ্যমে এটি সবার জন্য চালু করা হবে। খবর টেকরাডার।
চলতি সপ্তাহে অ্যান্ড্রয়েডে বেশকিছু নতুন ফিচার যুক্ত করবে গুগল। এর মধ্যে রয়েছে টেক্সট মেসেজ এডিটিং, কিছু নতুন হোম ফিচার এবং ওয়্যারওএসের হালনাগাদ ভার্সন। আইমেসেজের মতো এবার অ্যান্ড্রয়েডের মেসেজ এডিটিংয়ের ফিচার আসবে।
মেসেজ পাঠানোর পরবর্তী ১৫ মিনিটের মধ্যে তা এডিট করতে হবে। গুগল আরসিএসের মাধ্যমে পাঠানো মেসেজে এ সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড থেকে আইফোনে মেসেজ পাঠানোর ক্ষেত্রে এসএমএস বা এমএমএস প্রযুক্তি কাজ করে। তাই এখানে এ ফিচার কাজ করবে না।
আরসিএস মেসেজিংয়ের পাশাপাশি গুগল হোম কন্ট্রোলেও নতুন ফিচার যুক্ত করছে গুগল। নতুন আপডেটের অংশ হিসেবে গুগল হোমে ফেভারিট উইজেট যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে পছন্দের স্মার্ট ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা যাবে। অ্যান্ড্রয়েড ১৫-এর পাবলিক রিভিউ ভার্সন ব্যবহার করলে এ উইজেট পাওয়া যাবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। পর্যায়ক্রমে সব ডিভাইসে ফিচারটি চালু করা হবে। ওয়্যারওএসচালিত স্মার্টওয়াচেও গুগল হোম পরিচালনার সুবিধাও যুক্ত করা হবে। ওয়্যারওএস ইন্টারফেসেও গুগল হোম ফেভারিট ট্যাব যুক্ত করা হচ্ছে।










