উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বাইরে অ্যান্ড্রয়েডের জন্য এজ ব্রাউজার চালু করেছে মাইক্রোসফট। এর ব্যবহারিক অভিজ্ঞতার উন্নয়নে নতুন সব ফিচারও যুক্ত হচ্ছে। যার অংশ হিসেবে এবার ব্রাউজারে এক্সটেনশন ব্যবহারের সুবিধা চালু করা হয়েছে। খবর গিজচায়না।
নতুন আপডেটের মাধ্যমে মাইক্রোসফটে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) অ্যাসিস্ট্যান্ট কোপাইলটকে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সরাসরি ছবি পর্যালোচনা আরো সহজ হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী এজ অ্যান্ড্রয়েড ভার্সনে এক্সটেনশন ব্যবহারের বিষয়টি সম্পর্কে জানান এবং এ-সংক্রান্ত স্ক্রিনশটও শেয়ার করেন। ডেস্কটপ ভার্সনের পাশাপাশি স্মার্টফোনের জন্যও এক্সটেনশন ব্যবহারের এ সুবিধা মজিলার সঙ্গে এজের প্রতিযোগিতা বাড়াবে বলে মনে করছেন প্রযুক্তিবিশারদরা। অ্যান্ড্রয়েড ব্রাউজার হিসেবে গুগল ক্রোম এগিয়ে থাকলেও এতে এখনো এক্সটেনশন ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়নি।
এজ ব্রাউজারে এক্সটেনশন ব্যবহারের সুবিধা যুক্ত করা হলেও এটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিশেষ করে এজ ক্যানারি ভার্সনের ব্যবহারকারীরা এ ফিচার উপভোগ করতে পারবে। প্লে স্টোরে যারা বেটা প্রোগ্রামে অংশ নিয়েছে তারা ব্রাউজার থেকে কয়েকটি ধাপ অনুসরণ করে ফিচারটি চালু করতে পারবে। কোম্পানি জানায়, পরীক্ষামূলক ফিচারটি চালু করা হলে ব্রাউজার ব্যবহারে সমস্যা হতে পারে। এক্সটেনশন ব্যবহারের সুবিধা পরীক্ষামূলক পর্যায়ে থাকায় সবাই এটি এখনই পাবে না।
ফিচারটির সঙ্গে ব্রাউজারে এক্সটেনশন চালুর জন্য আলাদা বাটনও যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্রাউজারে বিদ্যমান এক্সটেনশনের তালিকা দেখা যাবে। মার্চের মধ্যে পরীক্ষামূলক ভার্সন উন্মোচনের কথা থাকলেও সবার জন্য কবে নাগাদ এটি চালু করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।










