সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের র্যাংকিং সিস্টেমে একাধিক আপডেট যুক্ত হতে যাচ্ছে। নতুন ও রিয়েল কনটেন্ট নির্মাতাদের হাইলাইট করার জন্য এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। এজন্য প্লাটফর্মটি অ্যালগরিদমেও পরিবর্তন আনতে যাচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
এক বিবৃতিতে ইনস্টাগ্রাম জানায়, যেসব কনটেন্ট নির্মাতাদের ফলোয়ার বেশি তাদের সাধারণত তাদের কনটেন্টই ফিডে বেশি প্রাধান্য পেত। তবে নতুন আপডেটের অংশ হিসেবে নতুন কনটেন্ট নির্মাতাদের কনটেন্টকেও প্রাধান্য দেয়া হবে। আগামী কয়েক মাসের মধ্য এটি কার্যকর হবে বলে মেটা মালিকানাধীন ছবি শেয়ারিং প্লাটফর্ম সূত্রে জানা গেছে।
কনটেন্ট ক্রিয়েটরদের দীর্ঘদিনের অভিযোগ, ইনস্টাগ্রামে তাদের তৈরি কনটেন্ট যথেষ্ট ভিউ ও রিচ পাচ্ছে না। তাদের দাবি, মূলত ইনস্টাগ্রামের অ্যালগরিদমের জন্য তাদের কনটেন্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই ইনস্টাগ্রাম নতুন এ পরিবর্তনের ঘোষণা দেয়।
প্লাটফর্মটি র্যাংকিং সিস্টেমে পরিবর্তন আনছে, ফলে তুলনামূলক ছোট কনটেন্ট নির্মাতারা আরো কনটেন্ট শেয়ার ও ভিউ বাড়ানোর সুযোগ পাবে।
অন্যদিকে পুনরায় পোস্ট করা কনটেন্টে আলাদা লেবেল থাকবে এবং অনুরোধের ভিত্তিতে সেগুলো সরিয়ে নেয়া যাবে। বেশি ভিউয়ের ওপর ভিত্তি করে সেরা কনটেন্টগুলো ব্যবহারকারীদের ফিডে যুক্ত করা হবে বলে জানা গেছে। ইনস্টাগ্রামের তথ্যানুযায়ী, নতুন এ পরিবর্তনের মাধ্যমে প্লাটফর্মের সবার কাছে সব কনটেন্ট পৌঁছে দেয়া হবে।









