সেমিকন্ডাক্টর শিল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারত। বিদেশী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও আগ্রহী হয়ে উঠেছে দেশটিকে ঘিরে। এ ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের অন্যতম সেমিকন্ডাক্টর কোম্পানি মাইক্রন টেকনোলজি ভারতে চিপ অ্যাসেম্বলি শিল্প স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। খবর গিজমোচায়না।
উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে ভারত সরকারও। গ্রহণ করা হয়েছে ১ হাজার কোটি ডলারের ইন্ডিয়া সেমিকন ইনসেনটিভ পরিকল্পনা। যেখানে গুজরাট সরকার ২০ শতাংশ প্রণোদনাসহ সামগ্রিক প্রকল্প ব্যয়ের জন্য ৫০ শতাংশ আর্থিক সহায়তা অনুমোদন করেছে ভারত সরকার।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ওয়াশিংটন সফরের সময় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ সহযোগিতা কার্যক্রম আরো দৃঢ় হয়। মোদির সফরের সময় মাইক্রন টেকনোলজি ২৭৫ কোটি ডলারের সেমিকন্ডাক্টর টেস্টিং এবং অ্যাসেম্বলি সুবিধা স্থাপনের পরিকল্পনা ঘোষণা করে।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গুজরাটে বৃহৎ এ প্রকল্পের নেতৃত্ব দেবে মাইক্রন টেকনোলজি। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম পরিচালনায় ভারত সরকারের পক্ষ থেকেও সমর্থন দেয়া হবে।
ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন নামে পরিচিত এ উদ্যোগের লক্ষ্য রাসায়নিক, গ্যাস এবং উৎপাদন সরঞ্জাম সরবরাহের পাশাপাশি সিলিকন ওয়েফার ফ্যাব্রিকেশন প্লান্ট স্থাপনে আগ্রহী সংস্থাগুলোসহ সাপ্লাই চেইনের বিভিন্ন অংশীদারের কাছ থেকে সমর্থন আদায় করা।
ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘মাত্র ১৮ মাসের উচ্চাভিলাষী সময়সীমার সঙ্গে এ প্রচেষ্টা ভারতের জন্য একটি নতুন শিল্পের প্রতিনিধিত্ব করে। আমাদের উদ্দেশ্য ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে কারখানা চালু করা।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতে প্রথম সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ইউনিটের প্রতিষ্ঠা দেশটির জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। পাশাপাশি মাইক্রোচিপ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতার দিকেও দেশটির প্রচেষ্টাকে শক্তিশালী করে। এটি ভারতের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করবে এবং দেশটির সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।










