ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে রাশিয়ার দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন অভিযোগে প্লাটফর্মগুলোকে সাজা দিয়ে আসছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। তেমন এক ঘটনায় জরিমানা না দেয়ায় গুগলকে ৪০০ কোটি রুবল বা ৪ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভিডিও হোস্টিংয়ের বাজারে একচ্ছত্র আধিপত্যের জন্য আগে জরিমানা করা হয়েছিল। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ২০০ কোটি রুবল জরিমানার কবলে পড়েছিল মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।

ওই সময় রাশিয়ার ফেডারেল অ্যান্টিমনোপলি সার্ভিস (এফএএস) জানায়, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ ও কনটেন্ট বাতিলে ইউটিউব যে পদ্ধতি অবলম্বন করে তা অস্বচ্ছ, পক্ষপা্তদুষ্ট ও অমূলক। সে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করেছিল গুগল।

এফএএস জানায়, আগে যে জরিমানা আরোপ করা হয়েছিল সেটি পরিশোধ না করায় দ্বিগুণ হয়ে গেছে। সংস্থাটিকে অবশ্যই রাশিয়ান ফেডারেশনের বাজেটে ৪০০ কোটি রুবলের বেশি জরিমানা দিতে হবে।

রুশ সরকার ও রাজনীতিবিদদের প্রবল চাপের মুখে রয়েছে ইউটিউব। মূলত দেশটির সরকার নিয়ন্ত্রিত মিডিয়ার চ্যানেল বন্ধ করে দেয়ার এ পরিস্থিতি তৈরি হয়েছে।

এ বিষয়ে মতামতের জন্য ইমেইলে যোগাযোগ করা হলেও ইউটিউবের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।