পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ডিভাইসে এক ইঞ্চির প্রাইমারি ক্যামেরা সেন্সর ব্যবহারের কথা ভাবছে শাওমি। অন্যদিকে বহুল আলোচিত এক দশমিক ৩৩ ইঞ্চির ক্যামেরা সেন্সরটির উন্নয়ন ও গবেষণা কার্যক্রম এখনো চলমান বলে সূত্রে জানা গেছে। ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্যানুযায়ী, নুবিয়ার ৩৫ মিলিমিটারের প্রাইমারি ক্যামেরা এর সক্ষমতার মাধ্যমে এক ইঞ্চি ইমেজ সেন্সরকে অনেক দিক থেকেই ছাড়িয়ে গেছে। এ থেকে প্রযুক্তিবিদদের ধারণা, নুবিয়ার ফ্ল্যাগশিপ ডিভাইসটি বাজারের অন্যতম প্রতিদ্বন্দ্বীতে পরিণত হবে। ২০২২ সালে শাওমি ১২এস আল্ট্রায় প্রথম এক ইঞ্চি সনি আইএমএক্স ৯৮৯ ইমেজ সেন্সর ব্যবহার করা হয়, যা স্মার্টফোন প্রযুক্তি খাতে অন্যতম উদ্ভাবন। ২০২৩ সালে এখন পর্যন্ত আরো বিস্তৃত পরিসরে এক ইঞ্চির ইমেজ সেন্সর গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শাওমির ১৩ প্রো, ১৩ আল্ট্রা, অপোর ফাইন্ড এক্স৬ প্রো ও ভিভো এক্স৯০ প্রো প্লাস মডেল রয়েছে। শাওমির পাশাপাশি সনি ও শার্পও ডিভাইসে এক ইঞ্চির ইমেজ প্রসেসর ব্যবহার করছে। শিগগিরই বাজারে ১৪ সিরিজ উন্মোচন করতে পারে শাওমি এমন গুঞ্জন রয়েছে। গিজমোচায়না