প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ তৈরি করে থাকে এনভিডিয়া। প্রথমবারের মতো ২ ট্রিলিয়ন ডলার সম্পদ মূল্যের তালিকায় যুক্ত হয়েছে কোম্পানিটি। খবর বিবিসি ও রয়টার্স। গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) পাশাপাশি কোম্পানিটি চিপ তৈরিতেও ভালো অবস্থান তৈরি করেছে। বিশেষ করে এআই চিপের চাহিদা কোম্পানির বাজারমূল্য বাড়াতে সহায়তা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্বের সবচেয়ে বেশি সম্পদমূল্যের কোম্পানির তালিকায় দ্রুততম সময়ে পৌঁছানোর নতুন মাইলফলকও তৈরি করেছে গ্রাফিক্স চিপ নির্মাতা কোম্পানিটি।
সিলিকন ভ্যালির এ চিপ নির্মাতার শেয়ার চলতি সপ্তাহের শুরুর দিকে কমলেও পুনরায় তা ৪ শতাংশেরও বেশি বেড়েছে। এর আগে ওয়াল স্ট্রিট যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানিটির আয় প্রতিবেদন প্রকাশ করে। এরপর এনভিডিয়ার শেয়ার মূল্য আরো বেড়ে যায়। কোম্পানিটির বাজার মূল্য গত বছরের তুলনায় ৬ হাজার কোটি ডলার বেড়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। পাশাপাশি কোম্পানিটির প্রধান জেনসেন হুয়াং চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের জানান, গোটা বিশ্বে এনভিডিয়ার চাহিদা বাড়ছে।
এক বছর আগেও কোম্পানিটির সম্পদ মূল্য ১ ট্রিলিয়ন ডলারেরও কম ছিল। বর্তমানে প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে শীর্ষ প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, অ্যাপল ও সৌদি আরবের কোম্পানি আরামকোর পরে বিশ্বের চতুর্থ সবচেয়ে মূল্যবান পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে স্থান করে নিয়েছে এনভিডিয়া।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়া মূলত কম্পিউটারের গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) তৈরির জন্য পরিচিত ছিল। বিশেষ করে কম্পিউটার গেম খেলার জন্য উপযোগী চিপ। বর্তমানে এআই বিপ্লবের আরো অনেক আগে থেকেই কোম্পানিটি তাদের চিপগুলোয় এমন বৈশিষ্ট্য যোগ করা শুরু করেছে, যেটি মেশিন লার্নিংয়ের জন্য সহায়ক। এ বিষয়টিই কোম্পানিটিকে বাজারে শক্ত অবস্থান অর্জনে সহায়তা করেছে। বিশেষ করে চীনের বাজারে এনভিডিয়ার চিপের বেশ চাহিদা রয়েছে। যে কারণে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও কোম্পানিটি অন্য মডেলের চিপ তৈরিতে কাজ অব্যাহত রেখেছে।
এআই প্রযুক্তি কত দ্রুত বাণিজ্যিক দুনিয়ায় ছড়িয়ে পড়ছে তার একটি নমুনা এনভিডিয়ার সাম্প্রতিক উত্থান। সম্প্রতি কোম্পানিটির আয় প্রতিবেদন প্রকাশের পর দিন ক্রেতারা এনভিডিয়ার শেয়ার কিনে এর মূল্য ২৭ হাজার ৭০০ কোটি ডলার বাড়িয়েছে, যা ওয়াল স্ট্রিটের ইতিহাসে একদিনে কোনো কোম্পানির সম্পদ মূল্যে সবচেয়ে বড় অর্জন।
অন্যদিকে গত বছরের মাঝামাঝি ১ ট্রিলিয়ন ডলার সম্পদের ঘরে প্রবেশ করেছে এনভিডিয়া করপোরেশন। ক্যালিফোর্নিয়াভিত্তিক মার্কিন এআই ও চিপ নির্মাতা কোম্পানিটি মার্কেট ক্যাপিটালাইজেশন বা শেয়ার বিক্রির মাধ্যমে এ কীর্তি গড়ে বলেও জানানো হয়।
রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জিপিইউ বাজারের প্রায় ৮০ শতাংশই এনভিডিয়ার নিয়ন্ত্রণে। এটি কোম্পানির সাফল্যের চাবিকাঠি। এ বিশেষ চিপ মাইক্রোসফট সমর্থিত সফটওয়্যার কোম্পানি ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতেও প্রয়োজনীয় কম্পিউটিং ক্ষমতা প্রদান করে।
গবেষণা কোম্পানি গার্টনার বলছে, প্রযুক্তি শিল্পের দখল নিয়ে নিচ্ছে এআই। আর ২০২৬ সাল নাগাদ বিভিন্ন ডাটা সেন্টারে জিপিইউর মতো বিশেষ চিপ ব্যবহারের সম্ভাবনা ১৫ শতাংশের বেশি, যা ২০২০ সালেও ৩ শতাংশের নিচে ছিল।
মার্কিন বিনিয়োগ কোম্পানি পাইপার স্যান্ডলারের বিশ্লেষক হার্ষ কুমার বলেন, ‘হার্ডওয়্যার ও প্রক্রিয়াকরণে এআই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এমন দুটি কোম্পানি হলো এনভিডিয়া ও এএমডি। আমাদের মতে, এ দুটি কোম্পানিই সবার ওপরে রয়েছে।’










