চ্যানেলে নতুন ফিচার চালু করতে যাচ্ছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এ আপডেটের পরিপ্রেক্ষিতে আলাদা ক্যাটাগরি তৈরি করা যাবে এবং ইন্টারফেস ব্যবহার আরো আরামদায়ক হবে। খবর গিজচায়না।

গত বছরের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে হোয়াটসঅ্যাপে চ্যানেল চালু হয়। 

সময়ের সঙ্গে চ্যানেলের সংখ্যাও বাড়ছে। যে কারণে পছন্দ অনুযায়ী চ্যানেল খুঁজে পাওয়া কিছুটা জটিল হয়ে উঠছে। তাই কনটেন্টের ধরন অনুযায়ী, চ্যানেলগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে যুক্ত করার ফিচার চালু করবে প্লাটফর্মটি। এর ফলে পছন্দের চ্যানেল খুঁজে পাওয়ার জন্য ব্যবহারকারীদের লিস্ট স্ক্রল করতে হবে না, ফলে সময় বাঁচবে।

হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের হালনাগাদ বেটা ভার্সনে নতুন এ ফিচার সম্পর্কে জানা গেছে। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, প্লাটফর্মটি বিজনেস, এন্টারটেইনমেন্ট, লাইফস্টাইল, নিউজ অ্যান্ড ইনফরমেশন, অর্গানাইজেশন, পিপল এবং স্পোর্টসসহ বিভিন্ন ক্যাটাগরি যুক্ত করবে। এরপর থেকে ব্যবহারকারীর লিস্টে থাকা চ্যানেলগুলো স্বয়ংক্রিয়ভাবে ক্যাটাগরি অনুযায়ী সজ্জিত থাকবে। বেটা ভার্সনে মোট সাতটি ক্যাটাগরির কথা বলা হয়েছে। ব্যবহারকারীরা কোনো ধরনের  সমস্যা ছাড়াই স্পোর্টস আপডেট থেকে ব্যবসায়িক খবরের চ্যানেলে স্থানান্তর হতে পারবে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ফলোয়ারের ভিত্তিতে চ্যানেলগুলো ক্যাটাগরিতে তালিকাবদ্ধ থাকবে বলেও জানা গেছে।