গত বছরের শেষ দিকে বিশ্ববাজারে এক্সসেভেনবি ফোরজি সংস্করণ উন্মোচন করে অনর। এর সফলতার অংশ হিসেবে এবার ফাইভজি সংস্করণ বাজারে নিয়ে এসেছে চীনের কোম্পানিটি। খবর গিজমোচায়না।

ফোরজি ভার্সনে স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট ব্যবহার করা হয়েছিল। তবে অনর এক্সসেভেনবি ফাইভজিতে এবার মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬০২০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

নতুন স্মার্টফোনটিতে ৬ দশমিক ৮ ইঞ্চির ফুল এইচডিপ্লাস রেজল্যুশনের আইপিএস এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ২৪১২x১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিভাইসটিকে অ্যান্ড্রয়েড ১৩ নির্ভর ম্যাজিকওএস ৭.২ দেয়া হয়েছে।

ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেল এবং পেছনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা দেয়া হয়েছে। প্রসেসর হিসেবে ডিভাইসে রয়েছে ডাইমেনসিটি ৬০২০। 

সেই সঙ্গে রয়েছে ৮ জিবি রÅvম, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়া এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ইউএসবি টাইপ সি পোর্ট, একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ডুয়াল স্পিকার, ওয়াই-ফাই ও ব্লুটুথ ভার্সন ৫.১ রয়েছে। দামের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।