ভাষাগত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে জেনারেটিভ এআই চ্যাটবট কোপাইলটে একাধিক নতুন ভাষা যুক্ত করছে মাইক্রোসফট। এর মধ্যে রয়েছে হিন্দি, বাংলা, তামিল ও তেলেগু। চ্যাটবটটির সর্বশেষ হালনাগাদ ভার্সনে ভাষাগুলো যুক্ত করা হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। খবর গ্যাজেটসথ্রিসিক্সটি। 

বর্তমানে কথোপকথনের ভিত্তিতে যেকোনো তথ্য পেতে চ্যাটজিপিটি বা জেমিনির মতো জেনারেটিভ এআই চ্যাটবটগুলো বেশ পরিচিত। এ বাজারে নিজেদের অবস্থান জানান দিতে ২০২৩ সালে কোপাইলট নামের লার্জ ল্যাঙ্গুয়েজভিত্তিক চ্যাটবট আনে টেক জায়ান্ট মাইক্রোসফট। তবে এতদিন ভারতীয় উপমহাদেশের কোনো ভাষায় এতে নির্দেশনা (প্রম্পট) দেয়া ও উত্তর পাওয়া যেত না। 

সর্বশেষ হালনাগাদের পর ব্যবহারকারীরা স্থানীয় চারটি ভাষায় কোপাইলটকে কোনো তথ্য জিজ্ঞাসা করতে পারবেন। একইভাবে কোপাইলটও এসব ভাষায় উত্তর দিতে পারবে। তবে হালনাগাদে আর কোন ভাষা যুক্ত করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বর্তমানে প্রায় ২৭টি ভাষায় কথোপকথন চালিয়ে যেতে পারে কোপাইলট। মাইক্রোসফট বলছে, এতদিন ভাষাগত প্রতিবন্ধকতার কারণে চ্যাটবটটির পরিষেবা গ্রহণ সহজ ছিল না। নতুন হালনাগাদের ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় ভাষাভাষীরা এর মাধ্যমে উপকৃত হবেন।

মাইক্রোসফটের সহযোগী প্রতিষ্ঠান ইমবি সফটওয়্যারের রিজিওনাল বিজনেস হেড পবন কুমার ভার্মা বলেন, ‘‌মাইক্রোসফট আঞ্চলিক ভাষাগুলোর সংযুক্তির মধ্য দিয়ে প্রযুক্তিকে আরো অন্তর্ভুক্তিমূলক করে তুলছে। আমরা চাই সবাই যেন কৃত্রিম বুদ্ধিমত্তার উপকারভোগী হতে পারে। এক্ষেত্রে ভাষা যেন প্রতিবন্ধকতা না হয়।’

বিস্তৃতি বাড়াতে নিজেদের অন্য অ্যাপগুলোয়ও চ্যাটবটটিকে যুক্ত করে দিচ্ছে মাইক্রোসফট। মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও অ্যান্ড্রয়েড লঞ্চার অ্যাপে এরই মধ্যে কোপাইলটকে যুক্ত করা হয়েছে।