ভিডিও গেমশিল্পীরা এক মাসের বেশি সময় ধরে কর্মবিরতির পর ৮০টি ভিডিও গেম প্রকল্পের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে এবং শিল্পী ইউনিয়নের সঙ্গে অন্তর্বর্তীকালীন বা স্তরভিত্তিক বাজেট চুক্তিতে স্বাক্ষর করেছে। পাশাপাশি শিল্পীরা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত যেসব শর্তের দাবি করে আসছিলেন তা মেনে নেয়া হয়েছে। খবর এপি।
দেড় বছরের বেশি সময় ধরে গেম ইন্ডাস্ট্রির জায়ান্টগুলোর সঙ্গে এআই সুরক্ষা বিষয়ে আলোচনা করে আসছিলেন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টসের (এসএজি-এএফটিআরএ) সদস্যরা। জুলাইয়ে আলোচনা বন্ধ হলে ধর্মঘট শুরু করেন তারা। ইউনিয়ন নেতারা বলছেন, গেমের কণ্ঠ ও মোশন ক্যাপচারশিল্পীদের অনুমতি ছাড়া ও ন্যায্য অর্থ না দিয়ে এআইয়ের মাধ্যমে তাদের কণ্ঠ ও চেহারা ব্যবহার করা হচ্ছে।
বৃহস্পতিবার ৮০টি ভিডিও গেমের সঙ্গে চুক্তির বিষয় জানায় এসএজি-এএফটিআরএ। কর্মবিরতির ফলে যেসব শিল্পী প্রভাবিত হয়েছেন তারা এখন এসব প্রকল্পে কাজ করতে পারবেন। তবে ডিজনি ও ওয়ার্নার ব্রাদার্স গেম কোম্পানি এবং ইলেকট্রনিক আর্টস প্রোডাকশনস ইনকরপোরেটেডসহ অন্যান্য বড় ভিডিও গেম প্রকাশকদের বিরুদ্ধে কর্মবিরতি অব্যাহত থাকবে।










