জনপ্রিয় টেক লিকার ও ইউটিউবার জন প্রসারের বিরুদ্ধে তথ্য চুরির মামলা করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। জন প্রসার আইওএস ২৬ অপারেটিং সিস্টেমের গোপন তথ্য চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। অ্যাপলের একটি আইফোন প্রটোটাইপ থেকে এ তথ্য গোপনে সংগ্রহ করে তিনি নতুন আইওএস ২৬-এর ফিচারগুলো সম্পর্কে আগাম খবর প্রকাশ করেছেন। খবর দ্য ভার্জ।

উল্লেখ্য, টেক লিকার বলতে প্রযুক্তি কোম্পানির অপ্রকাশিত পণ্য বা সফটওয়্যার সম্পর্কিত গোপন তথ্য দেয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝানো হয়। নতুন স্মার্টফোন, ল্যাপটপ বা সফটওয়্যার আপডেটের ছবি, স্পেসিফিকেশন বা ফিচার অফিশিয়াল ঘোষণা আসার আগেই প্রকাশ করে তারা আলোচনায় আসেন। সাধারণত এসব লিকারের কাছে অভ্যন্তরীণ সূত্র, সাপ্লাই চেইন বা ডেভেলপারদের তথ্য থাকে।

মামলার সূত্রে জানা যায়, প্রসার তথ্য সংগ্রহে মাইকেল রামাচ্চিওত্তি নামে একজনকে অর্থের বিনিময়ে কাজে নিযুক্ত করেন। ইথান লিপনিক নামের একজন অ্যাপল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ফোনের পাসকোড জেনে তার অবস্থান ট্র্যাক করেন মাইকেল। লিপনিক যখন দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকতেন তখন রামাচ্চিওত্তি ফোনটি ব্যবহার করে আইওএসের ডেভেলপমেন্ট সংস্করণ পরীক্ষা করেন। এরপর তিনি ভিডিও কলের মাধ্যমে ওই সফটওয়্যার দেখিয়ে প্রসারকে তথ্য দেন। প্রসার ভিডিও রেকর্ড করে সেটি শেয়ার করেন এবং নতুন ডিজাইনের ছবি তৈরিতে ব্যবহার করেন।

একটি অজানা সূত্র থেকে গত এপ্রিলে অ্যাপল এসব ঘটনার তথ্য পায় বলে জানিয়েছে। এছাড়া অ্যাপলের হাতে রয়েছে রামাচ্চিওত্তির লিপনিককে পাঠানো একটি ভয়েস নোট, যেখানে তিনি ক্ষমা চাইছেন এবং প্রসারের পরিকল্পনায় যুক্ত থাকার কথা উল্লেখ করেছেন। এ ঘটনায় কোম্পানির নিরাপত্তা নীতি লঙ্ঘনের অভিযোগে লিপনিককে চাকরি থেকে বরখাস্ত করেছে অ্যাপল।

জন প্রসার মামলার জবাবে জানিয়েছেন, তিনি কারো ফোনে প্রবেশের পরিকল্পনা করেননি, পাসওয়ার্ডও পাননি। তিনি দাবি করেছেন, অ্যাপলের বর্ণনা তার দৃষ্টিকোণ থেকে সত্য নয়।

যদিও আইওএস ২৬ এরই মধ্যে প্রকাশ হয়েছে। তবে অ্যাপল জানায়, ডেভেলপমেন্ট ফোনে থাকা কিছু ডিজাইন এখনো গোপন রয়েছে এবং ঝুঁকিতে রয়েছে।