ধনকুবের ইলোন মাস্কের আনা অ্যাপ স্টোরের পক্ষপাতিত্বের অভিযোগ প্রত্যাখ্যান করেছে অ্যাপল। টেক জায়ান্টটির দাবি, অ্যাপলের অ্যাপ স্টোর ‘পক্ষপাতমুক্ত ও নিরপেক্ষ’। সম্প্রতি অভিযোগ আনার পর মাস্ক অ্যাপলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ারও হুমকি দিয়েছেন। খবর বিবিসি।

মাস্কের অভিযোগ, অ্যাপল অ্যাপ স্টোরে চ্যাটজিপিটির মতো অ্যাপগুলোকে বেশি সুবিধা দিচ্ছে। এতে তার নিজস্ব এআই অ্যাপ গ্রোকের মতো অন্যান্য অ্যাপগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। পাশাপাশি, মাস্ক ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানকে ‘মিথ্যাবাদী’ বলে আখ্যা দিয়েছেন। অল্টম্যানের দাবি, এক্স প্লাটফর্ম ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেন মাস্ক।

বর্তমান বিতর্কটিকে ইলোন মাস্ক ও স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের একটি নতুন মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এক সময় তারা দুজনেই ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। কিন্তু মাস্ক প্রতিষ্ঠানটি ছেড়ে যাওয়ার পর থেকে তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতা চলছে।

গত জুনে অ্যাপল চ্যাটজিপিটির সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দেয়। তবে অ্যাপল যে কোনো অ্যাপকে বাড়তি সুবিধা দেয় এমন কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। অভিযোগের পরও ডিপসিক ও পারপ্লেক্সিটির মতো অন্যান্য এআই অ্যাপ অ্যাপলের অ্যাপ স্টোরের চার্টে শীর্ষস্থানে উঠে এসেছে।

বিবিসিকে দেয়া এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, তারা হাজার হাজার অ্যাপকে বিভিন্ন তালিকা ও সুপারিশের মাধ্যমে তুলে ধরে। এর জন্য একটি বস্তুনিষ্ঠ মানদণ্ড ব্যবহার করা হয়।

মাস্ক পরে একটি পোস্টে অ্যাপলকে প্রশ্ন করেন, কেন তারা এক্স ও গ্রোককে অ্যাপ স্টোরের ‘মাস্ট হ্যাভ’ সেকশনে প্রচার করছে না। তিনি দাবি করেন, এক্স বিশ্বের এক নম্বর নিউজ অ্যাপ এবং গ্রোক সব অ্যাপের মধ্যে পঞ্চম স্থানে আছে। তবে যুক্তরাজ্যে বর্তমানে চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপের তালিকায় শীর্ষে রয়েছে, আর গ্রোক তৃতীয় স্থানে আছে। এদিকে এক্স শীর্ষ ৪০টি অ্যাপের মধ্যে নেই।

এ পরিস্থিতি স্যাম অল্টম্যানের দৃষ্টি আকর্ষণ করে। তিনি একটি প্রযুক্তি সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করেন, যেখানে দাবি করা হয়েছিল মাস্ক তার ব্যক্তিগত পোস্টগুলোকে এক্সের ফিডে আরো বেশি করে দেখানোর ব্যবস্থা করেছেন।