কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে প্রথম প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলোন মাস্ক। বর্তমানে টুইটারের মালিক জানান, এক্সএআই নামের প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হবে মহাবিশ্বের সত্যিকারের গতিপ্রকৃতি বোঝা। খবর সিএনবিসি।

ওয়েবসাইটে দেয়া এক পোস্টে জানানো হয়, মাস্ক এবং তার টিম একটি লাইভ টুইটার স্পেসেস চ্যাটে এ বিষয়ে আরো তথ্য শেয়ার করবেন। এক্সএআই গড়ে তোলায় অভিজ্ঞ একটি টিম কাজ করেছে। এর সদস্যরা আগে ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ, টুইটার এবং টেসলায় কাজ করেছে। ধারণা করা হচ্ছে, মাস্ক এক্সএআই প্রতিষ্ঠানটিকে আরো কিছু প্রতিষ্ঠান যেমন ওপেনএআই, গুগল বা অ্যানথ্রোপিকের প্রতিযোগী হিসেবে গড়ে তুলবে। এসব প্রতিষ্ঠান চ্যাটজিপিটি, বার্ড এবং ক্লাউডের মতো চ্যাটবট তৈরি করেছে। এর আগে ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মাস্ক এনভিডিয়া থেকে হাজার হাজার জিপিইউ প্রসেসর সুরক্ষিত করেছে যেন সম্ভাব্য অনেক বড় ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করা যায়।