চ্যাটজিপিটি এখন কেবল প্রশ্নের উত্তর দেয়া বা কনটেন্ট তৈরির কাজেই সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যবহারকারীদের জন্য কেনাকাটার নতুন একটি প্লাটফর্ম হতে চলেছে। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এমন একটি নতুন ফিচার তৈরির কথা জানিয়েছে। সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটজিপিটি থেকেই পণ্য খুঁজে পেয়ে সরাসরি কিনতে পারবেন। এতে আলাদা কোনো ওয়েবসাইটে যাওয়ার ঝামেলা ছাড়াই এক জায়গায় কেনাকাটা সম্পন্ন করা যাবে। খবর ইন্ডিয়া টুডে।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই এরই মধ্যে কিছু ব্র্যান্ডকে এ ফিচারের প্রাথমিক সংস্করণ দেখিয়েছে এবং শর্ত নিয়ে আলোচনা শুরু করেছে।
প্রযুক্তিটির পেছনে কাজ করছে শপিফাইয়ের মতো প্রতিষ্ঠান, যারা ই-কমার্সের ব্যাকএন্ড অবকাঠামো সরবরাহ করে। এভাবে পণ্য বিক্রি হলে প্রতিটি অর্ডারের জন্য বিক্রেতাদের ওপেনএআইকে একটি নির্দিষ্ট কমিশন দিতে হবে, ঠিক যেমন অ্যামাজন বা অন্যান্য ই-কমার্স প্লাটফর্মে হয়ে থাকে।
বর্তমানে ওপেনএআইয়ের আয় মূলত সাবস্ক্রিপশন নির্ভর। তবে অধিকাংশ ব্যবহারকারী এখনো সংস্করণ ব্যবহার করেন। নতুন এ পেমেন্ট সিস্টেম চালু হলে সাবস্ক্রিপশন ছাড়াও আয়ের নতুন পথ খুলবে। ফলে প্রতিষ্ঠানটির আয় আরো বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান বলেন, ‘ওপেনএআই অর্থ নিয়ে কোনো পণ্যকে সার্চ ফল বা সুপারিশ তালিকায় ওপরে তুলবে না। তবে চ্যাটজিপিটির ডিপ সার্চে ফিচারের মাধ্যমে কেউ পণ্যের লিঙ্কে গেলে ও কিনলে ওপেনএআই ২ শতাংশ অ্যাফিলিয়েট কমিশন পেতে পারে।’
২০২৫ সালের জুন পর্যন্ত ওপেনএআইয়ের বার্ষিক আয়ের হার ১ হাজার কোটি ডলার হলেও, গত বছর কোম্পানির লোকসান হয়েছে প্রায় ৫০০ কোটি ডলার। নতুন ফিচারটি চালু হলে চ্যাটজিপিটি শুধু একটি চ্যাটবট নয়, বরং একধরনের ডিজিটাল কেনাকাটার সহকারী হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেক ব্যবহারকারী।










