ক্রোমওএস টেক জায়ান্ট গুগলের তৈরি অপারেটিং সিস্টেম, যা ক্রোমবুকের মতো ক্লাউডনির্ভর ডিভাইসে ব্যবহার করা হয়। সম্প্রতি অপারেটিং সিস্টেমটির ১২৮ সংস্করণ প্রকাশ করা হয়েছে। নতুন ফিচার হিসেবে স্ন্যাপ গ্রুপস, ছবি থেকে লেখা কপি এবং উন্নত ক্যামেরা ও মাইক্রোফোন কন্ট্রোল যোগ করা হয়েছে। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্ন্যাপ গ্রুপস উইন্ডোজ ১১-এর স্ন্যাপ লেআউটসের অনুকরণ করা হয়েছে।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-এ স্ন্যাপ লেআউটস ফিচার রয়েছে। এর সাহায্যে কম্পিউটারের স্ক্রিনজুড়ে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সফটওয়্যারগুলো কাজের সুবিধামতো সাজিয়ে রাখা যায়। অর্থাৎ পুরো স্ক্রিনকে কয়েকটা অংশে ভাগ করে একাধিক সফটওয়্যার ব্যবহার করা যায়। এজন্য সফটওয়্যারের ডান পাশে ওপরের দিকে ‘ম্যাক্সিমাইজ’ বাটনে কারসর নিয়ে গেলে স্ন্যাপ লেআউটসের অপশন পাওয়া যাবে। তখন প্রয়োজনমাফিক স্ক্রিনের নির্দিষ্ট অংশে রাখা যায়। একই প্রক্রিয়ায় কাজ করে ক্রোমওএসের স্ন্যাপ গ্রুপস ফিচার।
ক্রোমওএসের ক্যামেরা অ্যাপে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে পিডিএফ বা ছবি থেকে যেকোনো লেখা কপি করা যায়। পাশপাশি বিল্ট-ইন স্ক্রিন রিডার ক্রোমভক্সের মাধ্যমে লেখাগুলো পড়ে শোনার সুবিধা থাকছে। গুগল দাবি করছে, ক্যামেরা অ্যাপে সমতল ও উল্লম্ব অবস্থায় ওসিআর ৭৭টি ভাষায় কাজ করে।
ক্রোমভক্সে কোনো লেখা পড়ে শোনানোর সময় তা ম্যাগনিফায়ার টুলের সাহায্যে প্রতিটি শব্দ বড় করে দেখায়, যা ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য বেশ উপযোগী একটি ফিচার। তবে এ ফিচার ব্যবহার করার জন্য ম্যাগনিফায়ার ও ক্রোমভক্স চালু করে নিতে হবে।
ক্যামেরা ও মাইক্রোফোন সেটিংসে কিছু উন্নতি করা হয়েছে। প্রাইভেসি কন্ট্রোল ও অ্যাপ পারমিশন আলাদা জায়গায় রাখা হয়েছে। অ্যাপ পারমিশনকে ক্রোমওএসের সেটিংস অপশনের অধীনে অ্যাপ সেকশনে স্থানান্তর করা হয়েছে। অটো গেইন কন্ট্রোল (এজিসি) নামে আরেকটি ফিচার যোগ করা হয়েছে। এর সাহায্যে ভিডিও কলিংয়ের মতো অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে মাইক্রোফোন অপটিমাইজ করে। এতে উন্নত মানের সাউন্ড পাওয়া যাবে।










