মেটার প্রধান মার্ক জাকারবার্গ বলেছিলেন,
নতুন চালু করা থ্রেডস অ্যাপটির লক্ষ্য হলো টুইটারকে ছাড়িয়ে যাওয়া। প্রাথমিক সাড়ায় তেমন আভাস পাওয়া গেল। মাত্র চার ঘণ্টায় এই অ্যাপে সাইন-আপ করেছেন ৫০ লাখ মানুষ। খবর
বিবিসি।
বিশেষজ্ঞরা বলছেন, ইলোন মাস্ক নিয়ন্ত্রণে
নেয়ার পর টুইটারে আনা পরিবর্তনে অনেক গ্রাহক অসন্তুষ্ট। তাদের আকৃষ্ট করতে পারে থ্রেডস।
যুক্তরাজ্যসহ বিশ্বের শতাধিক দেশে থ্রেডস
ডাউনলোড করা যাচ্ছে। তবে নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট জটিলতার কারণে এখনই ইউরোপিয়ান ইউনিয়নের
ব্যবহারকারীরা এর নাগাল পাবেন না।
এই প্লাটফর্মে একজন ব্যবহারকারী ৫০০ অক্ষর
পর্যন্ত পোস্ট করতে পারবেন। এর অনেক বৈশিষ্ট্যই টুইটারের মতো।
জাকারবার্গ বলেছিলেন, এই অ্যাপ হবে ‘বন্ধুত্বপূর্ণ’। যা এর সাফল্যের
মূল চাবিকাঠি। প্রতিক্রিয়ায় ইলোন মাস্ক জানান, ইনস্টাগ্রামে দুঃখ লুকিয়ে হাসি হাসি
মুখে থাকার চেয়ে টুইটারে আক্রমণকেই এগিয়ে রাখবেন তিনি।
থ্রেডসে জাকারবার্গকে জিজ্ঞাসা করা হয়েছে,
অ্যাপটি টুইটারের চেয়ে বড় হবে কি না। জবাবে বলেন, এতে কিছুটা সময় লাগবে। তবে আমি
মনে করি ১০০ কোটির বেশি মানুষের মিথস্ক্রিয়ার একটি অ্যাপ থাকা উচিত। টুইটার এই সুযোগ
পেলেও ধরে রাখতে পারেনি।










