সাবস্ক্রিপশন পরিষেবা নিয়ে কাজ করছে বর্তমানে আলোচিত সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ ব্লুস্কাই। গত অক্টোবরে প্রথম দফায় ১ কোটি ৫০ লাখ ডলারের তহবিল গঠনের বিবরণ দেয়ার সময় সাবস্ক্রিপশন মডেল সম্পর্কে প্রথম জানায় প্লাটফর্মটি। বর্তমানে মডেলটি সম্পর্কে প্রাথমিক পরিকল্পনা ও সম্ভাব্য কিছু ফিচার বিষয়ে গিটহাবে জানিয়েছে ব্লুস্কাই। খবর টেকক্রাঞ্চ।

ব্লুস্কাই জানিয়েছে, সাবস্ক্রিপশনভিত্তিক মডেলের পরিকল্পনা ও ফিচার প্রাথমিক অবস্থায় রয়েছে এবং উন্মুক্ত হওয়ার আগে পরিবর্তন করা হতে পারে। কারণ কিছু বিষয় বিবেচনাধীন।

কিছুদিন আগে এক ব্লগ পোস্টে প্লাটফর্মটি বলেছিল, প্রিমিয়াম ফিচারে থাকবে উন্নত কোয়ালিটিতে ভিডিও আপলোডের সুবিধা। পাশাপাশি রঙ পরিবর্তন ও অ্যাভাটার ফ্রেমের মতো প্রোফাইলে কাস্টমাইজেশন করা যাবে। ‘ব্লুস্কাই+’ হিসেবে পরিচিত সাবস্ক্রিপশনভিত্তিক মডেলের ডিজাইন প্রিভিউয়ে এ ফিচারগুলো দেখানো হয়েছে।

প্রাথমিক পরিকল্পনায় আরো যেসব প্রিমিয়াম ফিচার থাকতে পারে বলে জানানো হয়েছে কাস্টম অ্যাপ আইকন, ব্লুস্কাই+ প্রোফাইল ব্যাজ, পোস্টের স্বয়ংক্রিয় অনুবাদ, পোস্টের অ্যানালিটিকস ও বুকমার্ক ফোল্ডার। এসব ফিচার সামাজিক মাধ্যম এক্সের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, সাবস্ক্রিপশনের অংশ হিসেবে প্লাটফর্মটি ভেরিফিকেশনের (প্রোফাইল ব্যাজ) সুবিধা রাখতে পারে। সম্প্রতি ভেরিফিকেশনের পরিকল্পনা সম্পর্কে জানায় ব্লুস্কাই। সে সময় তারা বলেছিল, এক্স ও মেটার পেইড ভেরিফিকেশন থেকে তাদেরটা আলাদা হবে। তবে কীভাবে আলাদা হবে তা জানানো হয়নি।

প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছে, ব্লুস্কাই+-এর জন্য প্রতি মাসে ৮ ডলার অথবা বছরে ৭২ ডলার খরচ করতে হতে পারে। তবে তা এখনো চূড়ান্ত নয়।

গত নভেম্বরের তথ্যানুযায়ী, ব্লুস্কাই ব্যবহারকারী দুই কোটি ছাড়িয়েছে। এছাড়া গত তিন মাসে সোশ্যাল মিডিয়াটির ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে অন্যান্য সামাজিক মিডিয়ার বিকল্প হিসেবে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ব্লুস্কাই। গত সেপ্টেম্বরে ব্রাজিলে এক্স নিষিদ্ধ হওয়ার পর থেকেই আলোচনায় আসে অ্যাপটি।

এরপর এক্সের ব্লক ফিচার পরিমার্জনে অসন্তুষ্টি এবং চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ইলোন মাস্ক ও এক্সের প্রতি হতাশার কারণে ব্লুস্কাইয়ে ঝুঁকছেন ব্যবহারকারী। আবার জেনারেটিভ এআই প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীদের কনটেন্ট নেয় না বলেও জানিয়েছে সোশ্যাল মিডিয়া স্টার্টআপটি। ফলে শিল্পী ও নির্মাতারা প্লাটফর্মটিকে নিরাপদ হিসেবে বেছে নিয়েছেন।

গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে অ্যাপলের অ্যাপ স্টোরে শীর্ষ পাঁচটি অ্যাপের মধ্যে স্থান করে নেয় ব্লুস্কাই। ওই সময় অ্যাপ ইন্টেলিজেন্স ফার্ম অ্যাপফিগারস জানায়, ব্লুস্কাই সোশ্যাল নেটওয়ার্কিং বিভাগের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপের মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল, যা এক সপ্তাহ আগেও ছিল ১৮১তম অবস্থানে।