২০১৯ সালের মে মাস থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে রয়েছে চীনের টেলিযোগাযোগ কোম্পানি হুয়াওয়ে। ফলে বিশ্ববাজার থেকে কোম্পানিটি স্মার্টফোনের ব্যবসা গুটিয়ে নিয়েছে। দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর আবারো ফাইভজি চিপসেট ব্যবহার করতে যাচ্ছে কোম্পানিটি। খবর গিজচায়না।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেলফোন তৈরিতে কোম্পানিটি চীনের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনের (এসএমআইসি) সঙ্গে যৌথভাবে নির্মিত চিপসেট ব্যবহার করবে। প্রতিবেদনে বলা হয়, কোম্পানি দুটি এসএমআইসির এন+১ উৎপাদন প্রক্রিয়া ও হুয়াওয়ের ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) সফটওয়্যার টুল ব্যবহার করছে।
বিদ্যুৎ ব্যবহার ও স্ট্যাবিলিটির দিক থেকে এসএমআইসির উৎপাদন কার্যক্রম ৭ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তির সমানুপাতিক। তবে পারতপক্ষে এটি ৭ ন্যানোমিটার প্রসেসে তৈরি নয়। বাজারসংশ্লিষ্টদের পূর্বাভাস, কোম্পানিটি ২০-৪০ লাখ ইউনিট চিপসেট তৈরি করবে। পর্যায়ক্রমে উৎপাদনের পরিমাণ এক কোটি ছাড়িয়ে যাবে। চিপসেট উৎপাদনের এ কার্যক্রম হুয়াওয়ের জন্য যুগান্তকারী হবে। কেননা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর থেকে কোম্পানিটি ফাইভজি চিপ সরবরাহ পাওয়ার বিকল্প মাধ্যম খুঁজে আসছিল। হাইসিলিকন নামের যে চিপ হুয়াওয়ে ব্যবহার করত সেটির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।










